হিলারি ক্লিনটনের সফরটি ছিল চীন থেকে বাংলাদেশ হয়ে ভারত। ম্যাপের ওপর রেখা টানলে হিলারির এই সফর রুট অনেটা টিক চিহ্নের মতো দেখাবে। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বজায় রাখলেও সামরিক ও অর্থনৈতিক শক্তির বিবেচনায় একধরনের টানপোড়েন সব সময়ই কম-বেশি আছে। ভারত ও চীনের মধ্যেও আছে। আর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সুসম্পর্কের কথা তো সবারই জানা। এর মধ্যে বাংলাদেশ হচ্ছে সেই দেশ, যে এই তিন দেশের সঙ্গেই সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।দক্ষিণ এশিয়ায় ভারত এক পরাশক্তি। এশিয়ার পরাশক্তি চীন। এর মাঝখানে দুনিয়ার একক পরাশক্তি যুক্তরাষ্ট্রের পছন্দের দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় সম্ভবত হাজির হয়েছে বাংলাদেশ। হিলারির এই বাংলাদেশ সফর ও অন্যন্য কিছু তারই ইঙ্গিত দিচ্ছে।এ অঞ্চলে অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তান, আফগানিস্তান বা মায়ানমারের মতো দেশগুলো রাজনৈতিকভাবে এখন আর যুক্তরাষ্ট্রের কাছে ঠিক শুভশক্তি হিসেবে বিবেচিত নয়। মায়ানমারের পরিস্থিতি অবশ্য বদলাচ্ছে। গত বছর এই দেশ সফর করে গেছেন হিলারি। তবে এমন পরিবর্তন এখনো হয়নি, যার ওপর ভরসা করতে পারে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, চীনের সঙ্গে এ দেশের রয়েছে বিশেষ ঘনিষ্ঠতা। এর বাইরে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। সব মিলিয়ে এখন ভৌগোলিক ও কৌশলগতভাবে বাংলাদেশই যে যুক্তরাষ্ট্রের পছন্দের দেশ হবে, তাতে অবাক হওয়ার কিছু নেই।যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকা থেকে পাকিস্তান যে বাদ পড়তে যাচ্ছে, এর লক্ষণ বেশ আগে থেকেই স্পষ্ট হয়েছে। তবে সবচেয়ে কঠোর কথাটি সম্ভবত শোনা গেল যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রভাবশালী কংগ্রেসম্যান ডানা রোহরাব্যাচারের মুখ থেকে। হিলারি যখন এই অঞ্চল সফর করছেন, তখনই প্রকাশ পেল এই মন্তব্য। ‘মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে ক্রমেই বিষয়টি পরিষ্কার হয়ে উঠছে যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র যত অর্থই খরচ করুক না কেন, এ অবস্থার আদৌ কোনো পরিবর্তন হবে না।’ ২ মে পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানির কাছে লেখা এক চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘পাকিস্তানের জন্য মার্কিন অর্থসহায়তা কমে আসবে। এটি এখন পরিষ্কার যে বেলুচিস্তানসহ দেশটির অন্যান্য প্রদেশের জনগণের জন্য পাঠানো অর্থসহায়তা পাকিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করছে। তারা ওই অর্থ সন্ত্রাসবাদের কাজে লাগিয়েছে এবং অস্ত্র কিনেছে নিজ দেশের জনগণকে দমিয়ে রাখতে।’এই কংগ্রেসম্যান মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক পর্যবেক্ষণ ও অনুসন্ধান উপকমিটির চেয়ারম্যান। চিঠিতে বেলুচিস্তানের প্রসঙ্গটি উঠে আসার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারি মাসে আরও দুজন সদস্যকে নিয়ে তিনি কংগ্রেসে একটি প্রস্তাব উপস্থাপন করেন। যেখানে বলা হয়েছে, বেলুচিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার রয়েছে। কংগ্রেসে বেলুচিস্তানবিষয়ক এক শুনানির পর তিনি এই প্রস্তাব এনেছিলেন। পাকিস্তান খুব স্বাভাবিকভাবেই এর কড়া প্রতিবাদ করেছে। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওঠা বিলটিকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ হিসেবে উল্লেখ করেছে। ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস আলাদা এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবে জাতিসংঘের একটি সদস্য দেশ ও যুক্তরাষ্ট্রের একটি বন্ধুরাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা নষ্টের যে আহ্বান রয়েছে, তা পুরোপুরি অগ্রহণযোগ্য।পাকিস্তানে ‘অর্থ খরচ’ করে যেহেতু যুক্তরাষ্ট্র ফল পেল না, সে কারণে সাহায্য যেমন কমবে, তেমনি মনে হচ্ছে, দেশটি ভাগ হোক—সেটাও এখন চাওয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের! অবশ্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওঠা এই বিলের কোনো ‘বাধ্যবাধকতা’ নেই। আর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সরকারও জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের ভূখণ্ডগত অখণ্ডতাকে শ্রদ্ধা করে। একই সঙ্গে পাকিস্তানকে এটাও স্মরণ করিয়ে দিয়েছে যে বেলুচিস্তানে মানবাধিকর লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কিন্তু এ ধরনের একটি বিল কংগ্রেসে ওঠার গুরুত্বকে অস্বীকার করার উপায় নেই। তবে যুক্তরাষ্ট্রের চাওয়া বা না-চাওয়ার ওপর সবকিছু নির্ভর করে—এমনও নয়। যুক্তরাষ্ট্র না চাইলেও একাত্তরে পাকিস্তান ভেঙেছে। তবে বেলুচিস্তানের জনগণের প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আচরণই শেষ পর্যন্ত সেদিকে যেতে বাধ্য করতে পারে। বালুচ জনগণের মধ্যে যে জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা জেগে উঠেছে, প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সেটাকে সমর্থন জুগিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। ‘১৯৫৮, ১৯৭৩ ও ২০০৫ সালের বিদ্রোহ প্রমাণ করে, ইসলামাবাদের শাসন ও সেখানকার প্রকৃতিক সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে সেখানকার জনগণের অব্যাহত অসন্তোষ রয়েছে। কারণ, প্রদেশটি হচ্ছে দেশটির সবচেয়ে দরিদ্র।’ কংগ্রেসে উত্থাপিত বিলে এভাবেই সেখানকার পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। কৌশলগত বিবেচনা, তেল-গ্যাসসহ খনিজ সম্পদের এক বড় মজুদ হিসেবে বেলুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক—এটা যুক্তরাষ্ট্রের চাওয়া হতেই পারে। বোঝাই যাচ্ছে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে যুক্তরাষ্ট্র এখন আর পাকিস্তানের ওপর আস্থা রাখতে পারছে না।বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যতই সমালোচনা থাক, দক্ষিণ এশিয়ায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার অবস্থানকে শক্তভাবেই ধরে রেখেছে। ‘এ দেশের অনেক বেশি সম্ভাবনা আছে আর গণতন্ত্র টেকসই করতে বাংলাদেশ সাফল্যও পেয়েছে।’ এই মন্তব্য হিলারির। আর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব পাওয়ারই কথা। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক এক নতুন গতি পেয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশর ওপর যে যুক্তরাষ্ট্রের টিক চিহ্ন পড়বে—এটাই তো স্বাভাবিক!কৌশলগত কারণ ও ভূ-রাজনীতির বাইরে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের পছন্দের দেশে চলে আসার পেছনে কি বাংলাদেশের তেল-গ্যাসের কোনো সম্পর্ক আছে? বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি রয়েছে বাংলাদেশের অনুকূলে।বাংলাদেশই যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, সেখান থেকে আমদানি খুবই কম। বাংলাদেশে মার্কিন বাণিজ্য স্বার্থ বলতে যা বোঝায়, তা আসলে গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ। এখন দেশে প্রতিদিন উৎপাদিত গ্যাসের পরিমাণ হচ্ছে প্রায় ২১৫০ এমএমসিএফডি। এর অর্ধেকের বেশি (১১৪৭ এমএমসিএফডি) গ্যাস পাওয়া যায় বিদেশি তেল-গ্যাস কোম্পানিগুলোর (আইওসি) কাছ থেকে। আইওসির সরবরাহ করা এই গ্যাসের শতকরা ৯০ ভাগেরও বেশি উৎপাদন করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান শেভরন। জালালাবাদ, বিবিয়ানা ও মৌলভীবাজার—এই তিন ক্ষেত্র থেকে তাদের প্রতিদিনের উৎপাদন প্রায় ১০৩৭ এমএমসিএফডি। বলা যায়, দেশে উৎপাদিত মোট গ্যাসের প্রায় অর্ধেক সরবরাহ করে এই মার্কিন কোম্পানি। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মেটার আগেই গভীর সমুদ্রে ১০ ও ১১ ব্লকে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে আরেক মার্কিন তেল-গ্যাস কোম্পানি কনকো-ফিলিপস। এই দুই ব্লক মিয়ানমারের দাবি করা বিতর্কিত এলাকার বাইরে ছিল বলে তখন এটা সম্ভব হয়েছে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর এখন ব্লকগুলো নতুন করে চিহ্নিত করতে হবে। কনকো-ফিলিপস ভবিষ্যতে নতুন ব্লকের ব্যাপারেও তাদের আগ্রহের কথা জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়ে রেখেছে। এটা অনেকটাই স্পষ্ট যে বাংলাদেশে মার্কিন অর্থনৈতিক স্বার্থ বলে যদি কিছু থেকে থাকে, সেটা অবশ্যই তেল-গ্যাসসম্পর্কিত।যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের আট লাখের বেশি লোক সেখানে বসবাস করে, তারা অর্থ পাঠায়। বাংলাদেশ থেকে আমরা তৈরি পোশাক সেখানে পাঠাই। আরও পোশাক সেখানে যাক, সে সুযোগ ও ছাড় এবং এ দেশের পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তভাবে প্রবেশাধিকার পাক—সেটা বাংলাদেশের বিশেষ চাওয়া। বাংলাদেশের গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান করতে হলে বিদেশি কোম্পানিগুলোর ওপর নির্ভর করতেই হবে। সেখানের মার্কিন কোম্পানি এলে আলাদাভাবে আপত্তি করার কোনো সুযোগ নেই। তেল-গ্যাস খাতের বাইরেও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চায় বাংলাদেশ। বাংলাদেশ সফরে এসে ‘শন্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক’ বাংলাদেশের পক্ষে বাজি ধরেছেন হিলারি ক্লিনটন। আশা করেছেন, বাংলাদেশ অনেক পথ পাড়ি দেবে আর এই পথে ‘সঙ্গী’ হবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এগিয়ে যাবে আর সেই পথে যদি সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রকে পাওয়া যায়, তবে এর চেয়ে সুসংবাদ আর কী হতে পারে! তবে পাকিস্তান যেভাবে যুক্তরাষ্ট্রকে ‘সঙ্গী’ হিসেবে পেয়েছিল, বাংলাদেশ অবশ্যই সেভাবে যুক্তরাষ্ট্রকে পেতে চায় না।এ কে এম জাকারিয়া: সাংবাদিক।[email protected]