ছাদের পলেস্তারা খসে পড়েছে। একটি নয়, দুটি নয়, ছয়-ছয়টি খাম্বার ইট-সুরকি খসে পড়েছে। রড বেরিয়ে আছে অনেক জায়গায়। যেকোনো সময় ছাদ ধসে পড়তে পারে। এ জন্য বাঁশের খুঁটি ও কাঠের তক্তা দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে। একটি স্কুল ভবনের এমন চিত্রের কথা কল্পনা করা যায়! কিন্তু পটুয়াখালীর বাউফল উপজেলার ৯ নম্বর উত্তর-পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি এখন এমনই। ছাদ ধসে পড়ার আশঙ্কার মধ্যেই চলছে শিক্ষার্থীদের ক্লাস।
একটি স্কুল ভবনের এ রকম পরিস্থিতি, অথচ দেখার কেউ নেই। কী করে চলছে স্কুলটি। এটা কী করে সম্ভব? স্কুল কর্তৃপক্ষ কী করছে? কেন তারা শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে? ছাদ ধসে পড়ে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এতে যদি একজন শিক্ষার্থীরও মৃত্যু হয়, তাহলে এর দায় কে নেবে?
সোমবার প্রথমআলোয় প্রকাশিত খবর থেকে এবং আমাদের বাউফল প্রতিনিধির কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৯৩-৯৪ অর্থবছরে বিদ্যালয়ের ওই একতলা ভবন নির্মাণ করে। যথাযথভাবে নির্মিত হলে ২২ বছরে একটি ভবনের এ রকম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কথা নয়। তার অর্থ, নির্মাণকাজে অবশ্যই ত্রুটি ছিল। এ ছাড়া গত ২২ বছরে মাত্র একবার স্কুল ভবনটির সংস্কার হয়েছে। সেটাও প্রায় ১০ বছর হয়ে গেছে।
দেড় বছর ধরে স্কুল ভবনটি বেহাল। ছাদের পলেস্তারা খসে এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠিয়ে উদ্বেগের মধ্যে থাকেন। গত মে মাসে স্কুল কর্তৃপক্ষ স্কুলের এই পরিস্থিতি অবহিত করে এলজিইডির কাছে এর সংস্কারের দাবি জানিয়েছিল। কিন্তু এলজিইডি যে তাতে কান দেয়নি, তা তো বোঝাই যাচ্ছে। এলজিইডি যদি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিত, তাহলে তো আজ এভাবে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস করতে হতো না।
এখন এলজিইডি কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হোক। নতুন করে স্কুল ভবন নির্মাণ করা হোক।