পটুয়াখালীর বাউফল উপজেলার তিনটি সেতুর অবস্থা প্রায় এক বছর ধরে নড়বড়ে। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। সেতু তিনটি সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগ দেখা না যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পটুয়াখালীর বাউফল-নওমালা-লোহালিয়া সড়কের হোসনাবাদ, বিডিসি ও নওমালা তিনটি সেতু রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। নওমালা সেতুর পাটাতনের ঢালাই খসে পড়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সেতুটির বেশ কয়েকটি অংশে ফাটল দেখা দিয়েছে। বিডিসি খালের ওপর বিডিসি সেতুর মাঝখানের ঢালাই খসে পড়ে রড বেরিয়ে গেছে। হোসনাবাদ সেতুর পাটাতনে গর্ত তৈরি হয়েছে। অথচ সেতু তিনটি খুবই গুরুত্বপূর্ণ। এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের চার হাজারের বেশি শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াত করে। চলে শতাধিক যানবাহন। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
১৯৭৯-৮০ অর্থবছরে সেতু তিনটি নির্মিত হলেও এই দীর্ঘ ৩৬ বছরে ইট-সুরকি বিছানো ছাড়া উল্লেখযোগ্য কোনো সংস্কারকাজ হয়নি। এক বছর ধরে সেতু তিনটির অবস্থা ক্রমেই খারাপ হয়েছে। এখন দ্রুত সংস্কার করা বা ভেঙে নতুন করে নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। সেতু নির্মাণ ও সংস্কারের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। তারা তাদের ভূমিকা কতটা পালন করেছে বা করছে তা তো বোঝাই যাচ্ছে
প্রতিবেদন অনুযায়ী, নওমালা সেতুটির নিচ দিয়ে দীর্ঘদিন ধরে পানি প্রবাহিত হয় না। এ কারণে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। হোসনাবাদ সেতু মেরামতের জন্য ও বিডিসি সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো তারা কোনো সাড়া দেয়নি। বোঝা যায় জনগণের দুর্ভোগ নিয়ে তাদের আদৌ কোনো মাথাব্যথা নেই। এই সেতুগুলোর কোনো একটি ধসে পড়ে যদি মানুষ হতাহত হয়, তাহলে তার দায়ভার কে নেবে?
এলজিইডি কর্তৃপক্ষের টনক নড়ুক, সেতু সংস্কার ও নতুন সেতু নির্মাণের দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।