বাক্স্বাধীনতার প্রতি হুমকির বিধান অনভিপ্রেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো দেশে বৈদেশিক অনুদান গ্রহণের বিষয়ে কিছু শর্ত বা বিধিনিষেধ আছে। জনগণের কল্যাণের জন্য আসা বৈদেশিক অনুদান যাতে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে ব্যবহৃত না হয়, সে জন্যই এটা করা হয়ে থাকে। কিন্তু বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬-এ এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে, যা সংবিধানে স্বীকৃত অধিকারের পরিপন্থী। গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সংসদীয় কার্যক্রমের সমালোচনা করার একটি ঘটনার প্রেক্ষাপটে সংসদীয় কমিটি বিলে এ ধারাটি যুক্ত করে বলে প্রতীয়মান হচ্ছে।

এই ধারণার কোনো ভিত্তি থাকুক বা নাই থাকুক, কথিত ‘বিদ্বেষমূলক ও অশালীন’ মন্তব্যকে এ আইনে শাস্তিযোগ্য করার বিষয়টি অস্বাভাবিক। প্রচলিত আইনেই একে অপরাধ হিসেবে শাস্তিযোগ্য করা আছে। সুতরাং এর সংযোজন ছিল অনাবশ্যক এবং যা প্রকারান্তরে সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বর্ণিত বাক্‌স্বাধীনতার অধিকারকে সংকুচিত করে। কেউ এ ধরনের মন্তব্য করলে প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু তার সঙ্গে এনজিওর নিবন্ধন বাতিলকে যুক্ত করা সমীচীন হতে পারে না।

যেসব এনজিও মানবাধিকার নিয়ে কাজ করে, তারা সরকারের বিভিন্ন আইনবহির্ভূত কর্মকাণ্ডের সমালোচনা করে থাকে। এর প্রত্যুত্তরে ক্ষমতাধারীরা অতীতে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির মুখ বন্ধ করার জন্য বৈদেশিক অনুদান আটকে দেওয়াসহ নানা পদক্ষেপ নিয়েছে এবং এখনো নিচ্ছে। সন্দেহ নেই, নতুন আইনের ফলে এনজিওগুলোর মধ্যে ভয়ভীতি আরও বাড়বে।

সরকার একদিকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে এনজিওগুলোর সহযোগিতা চাইছে, অন্যদিকে আইন করে তাদের হাত-পা বেঁধে দেওয়ার চেষ্টা চালাচ্ছে—এই স্ববিরোধিতা মেনে নেওয়া যায় না। আমরা সংসদে পাস হওয়া বিলটির উপরিউক্ত ধারাগুলো বাতিলের দাবি জানাচ্ছি।