রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ফকিন্নী নদীর সেতুর কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নদীর জমি দখল করে বাড়ি নির্মাণের যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্যিই উদ্বেগের।
প্রথম আলোর খবরে বলা হয়েছে, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক সিরাজ উদ্দিনের নেতৃত্বে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সেতুর কাছ থেকে বালু তোলা হয়। বালু তোলার কাজে ব্যবহার করা হয়েছে শ্যালো মেশিন। স্থানীয় লোকজন তাঁদের বালু তুলতে নিষেধ করলেও তাঁরা তা শোনেননি। এই দুজনই ওই সেতুর পাশে নদীর জমি দখল করে ভবনও নির্মাণ করছেন। ওই ভবন নির্মাণের কাজে ব্যবহার করার জন্য তাঁরা বালু তুলেছেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হয়নি।
আমজাদ হোসেন পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিরাজউদ্দিনও দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাঁরা সমাজে পরিচিত। অথচ তাঁরাই যখন কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করেন, তখন তা মেনে নেওয়া যায় না। কোন বিবেচনায় তাঁরা এ কাজ করছেন? কোনো সেতুর কাছ থেকে যদি বালু উত্তোলন করা হয়, তাহলে সেই সেতু হুমকির মুখে পড়ে এবং তা ধসে পড়ার আশঙ্কা থাকে। এ ছাড়া আশপাশের বাড়িঘর ও আবাদি জমির ক্ষতির আশঙ্কা থাকে। প্রশাসনের নাকের ডগায় নদীর জমি দখল করে বাড়ি বানানো হচ্ছে অথচ তা বন্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক। বালু উত্তোলন ও নদীর জমি দখল করে বাড়ি নির্মাণ বন্ধে স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বালু উত্তোলনকারীদের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। সেতু ও নদী বাঁচাতে এর কোনো বিকল্প নেই।
তবে শুধু বাগমারায় নয়, দেশের বিভিন্ন স্থানে এভাবে সেতুর কাছ থেকে বা নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন অতীতেও হয়েছে এবং এখনো হচ্ছে। এতে অনেক সেতু ধসে পড়ার হুমকির মুখে পড়েছে। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই সজাগ হতে হবে।