বাগমারায় হুমকিতে ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

একটি জলকপাটের দৈর্ঘ্য মাত্র ফুট কয়েক। কিন্তু সেই কয়েক ফুটের কপাটেই হাজার হাজার কৃষকের কপাল খোলে কিংবা কপাল পোড়ে। কপাট ভালো থাকলে বন্যা ঠেকানো যায়, ফসল রক্ষা পায়। কপাট ভাঙলে হু হু করে বন্যার পানি ঢোকে; আবার শুষ্ক মৌসুমে যখন পানি দরকার, তখন হু হু করে আবার তা বেরিয়ে যায়। অর্থাৎ একেকটি বিস্তীর্ণ এলাকার জনজীবনের ভালো থাকা, মন্দ থাকা অনেক সময় একটি ‘মামুলি’ জলকপাটের ওপর নির্ভর করে।

ঠিক সেই ছবি দেখা যাচ্ছে রাজশাহীর বাগমারা উপজেলায়। সেখানকার কুচিয়ামারা খালের মুখে স্থাপন করা জলকপাটটি বন্যানিয়ন্ত্রণ ও ফসল রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো ছিল। এখন তার কপাট ভাঙা। যেন দ্বাররক্ষী সরে গেছে, হানাদার সেনার মতো হু হু করে বন্যার পানি ঢুকলে তা ঠেকানোর কেউ নেই। এ অবস্থায় স্থানীয় কৃষকেরা আতঙ্কে পড়ে গেছেন।

সইপাড়া-ভবানীগঞ্জ সড়কের বাগমারার গণিপুর ও বাসুপাড়ার সীমান্ত এলাকায় কুচুয়ামারা খালের মুখে ওই জলকপাট। এর মাধ্যমে ফকিন্নি নদী থেকে খাল দিয়ে পানি সোনাবিলে প্রবেশ করে বেরিয়ে যায়। বন্যানিয়ন্ত্রণ, ফসল রক্ষা ও চাষাবাদের সুবিধার জন্য পানি উন্নয়ন বোর্ড এটি বানিয়েছিল। এটি নির্মাণের ফলে বাসুপাড়া ও গণিপুর ইউনিয়নের সোনাবিলে চাষাবাদে সুফল মিলেছিল ও বন্যায় ফসল রক্ষা পেয়েছিল। জলকপাটের কারণে চাষের সুবিধার জন্য খালে পানি ধরে রাখাও সম্ভব হয়। দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার কৃষক এ জলকপাটের সুফল ভোগ করে আসছেন।

জলকপাটটি এখন নষ্ট। এ কারণে গত বছর বন্যার পানি বিলে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এবার বর্ষার আগে সেটি মেরামত করা না হলে আবারও শতকোটি টাকার ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এটি মেরামতের দাবি জানিয়ে এলাকার চার শতাধিক কৃষক পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে আবেদন করেছেন। তবে এখনো সাড়া মেলেনি।

দায়িত্বশীল কর্মকর্তাদের জনস্বার্থের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এ ধরনের অবকাঠামো ও স্থাপনার বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। উল্লেখিত জলকপাটটির মেরামত খরচ পাউবোর অন্যান্য প্রকল্পের তুলনায় অতি তুচ্ছ। কিন্তু এ অতি তুচ্ছ পরিমাণের ব্যয়ে নির্মিত একটি স্থাপনার সঙ্গে কত মানুষের জীবন-মরণের প্রশ্ন জড়িত, তা তাদেরই আগে উপলব্ধি করা দরকার। সেই দিক বিবেচনায় নিয়ে বাগমারার এ জলকপাটের মতো দেশের অন্যান্য এলাকার স্পর্শকাতর কালভার্ট ও জলকপাটের দ্রুত সংস্কার করা বাঞ্ছনীয়।