জায়গাটির নাম কেন বাঘের বাজার হয়েছিল তা জানা যায় না। এহেন বাঘের বাজারে জন্মেছে ১৪টি সিংহ শাবক। গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেওয়া সিংহ শাবকদের প্রাণবন্ত ছবি ছাপা হয়েছে বৃহস্পতিবারের প্রথম আলোর প্রথম পাতায়। সিংহ শাবকেরা বেঁচে থাক, বাংলাদেশে বেঁচে থাক জীবনের আশা।
সিংহীরা বহুল প্রসবিনী। বঙ্গবন্ধু সাফারি পার্কে আনা আফ্রিকান চারটি সিংহী জন্ম দিয়েছে ১৪টি শাবকের। জন্ম যদি তব বঙ্গে তবে এদের বাংলার সিংহই বলা যায়। ১৪টি সিংহ শাবকের জন্ম, সাফারি পার্কের প্রাণীরক্ষকের যত্নে তাদের বড় হওয়া এক ইতিবাচক ঘটনা। বিশেষত, চারপাশে যখন কেবলই জীবনবিরোধী সংবাদ, তখন এতগুলো সিংহ শাবকের দুরন্তপনা অনেকের মনে জীবনমুখী আবেগের জন্ম দেবে। এই সিংহ শাবক ও তাদের মায়েদের স্বাগত ও অভিনন্দন জানানোও এক আনন্দের ব্যাপার।
আরেকটি কারণেও এই দেশে সিংহের বাড়বৃদ্ধি দরকার। আমাদের রাজনীতিতে ও সমাজে পুরুষালি বাহাদুরির সংস্কৃতি জোশের সঙ্গে চর্চা করা হয়। এরই যেন প্রকাশ ঘটে ‘সিংহ পুরুষ’ বিশেষণের মধ্য দিয়ে। সিংহ-বিরল দেশে সিংহ পুরুষ নামটি এত দিন উদ্ভট শোনালেও খুব শিগগির হয়তো পরিস্থিতি বদলে যেতে পারে। এই হারে যদি আমরা সাফারি পার্কে ও চিড়িয়াখানায় সিংহের বংশবৃদ্ধি ঘটাতে পারি, তাহলে বাংলার মানবসিংহরা নিশ্চয়ই বেশ উৎসাহিতই হবেন!
অথচ এই বাঘের বাজার কয়েক দশক আগেও গহিন অরণ্য ছিল। গাজীপুরের ভাওয়াল অরণ্য ছিল কয়েক প্রজাতির বাঘের বিচরণক্ষেত্র। সুন্দরবনের বেঙ্গল টাইগারের সুখ্যাতিও ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। এখন গাজীপুর তো দূরের কথা
চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল থেকেও বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সবচেয়ে মর্মান্তিক হলো সুন্দরবনের রাজকীয় বাঘের সংখ্যা মারাত্মক হারে কমে যাওয়া। সিংহ বাড়ছে, অথচ আমাদের সুন্দরবন নানাভাবে ধ্বংস হচ্ছে, এর বাঘও কমছে, এ-ও কি এক পরিহাস নয়?