বাঘের অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং বন্য প্রাণী–বিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান ওয়াইল্ড টিমের ১০ জন গবেষক এ বিষয়ে এক গবেষণা চালিয়ে দেখতে পেয়েছেন এক ভয়াবহ চিত্র। বেঙ্গল টাইগারের দেশ বাংলাদেশে গোপনে জমে উঠেছে এক অদ্ভুত বাজার, যেখানে বাঘের চোখ, হাড়, দাঁত, নখ, মাংসসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কেনাবেচা চলে। কিন্তু এগুলো কী কাজে লাগে? ওই গবেষক দল অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে, বাঘের অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহৃত হচ্ছে মূলত কবিরাজি ওষুধ ও গয়না তৈরিতে, দর্শনীয় বস্তু হিসেবেও কালোবাজারে এসবের অনেক কদর।

সুন্দরবন-সংলগ্ন চারটি উপজেলার কিছুসংখ্যক শিকারি সুন্দরবনের বাঘ মেরে সেগুলোর অঙ্গপ্রত্যঙ্গ স্থানীয় বাজারে সরবরাহ করছেন, বিদেশ থেকে আসা চোরাচালানি চক্রের সঙ্গেও এদের যোগ আছে। এদের মিলিত তৎপরতায় বাঘের অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা দেশের সীমানা পেরিয়ে থাইল্যান্ড-চীন পর্যন্ত সম্প্রসারিত। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বাংলাদেশ সরকারকে ইতিপূর্বে জানিয়েছে, সুন্দরবনের বাঘ হত্যায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্র, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুসংখ্যক সদস্য জড়িত।

সর্বশেষ জরিপ বলছে, সুন্দরবনে বাঘ আছে মাত্র ১০৬টি। এই অবস্থায় বাঘের অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা ও বিদেশে পাচারের যে ভয়াবহ চিত্র পাওয়া গেল, তা যদি অব্যাহত থাকে, তাহলে সুন্দরবনে বাঘের অস্তিত্বই বিপন্ন হবে। বৈশ্বিক প্রাণবৈচিত্র্যের জন্যও সেটা গুরুতর উদ্বেগের বিষয়। বাঘের অঙ্গপ্রত্যঙ্গের স্থানীয় বাজার প্রথমেই ধ্বংস করতে হবে। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্র, বাঘশিকারি, বিদেশি চোরাচালান চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে।