হাজার বছর ধরে বাঙালি হেঁটেছে বাংলার পথে-প্রান্তরে। কর্ণফুলী থেকে তিস্তামুখ পর্যন্ত ঘুরেছে তারা। বাঙালি প্রাচীন জাতি। অনেক পুরোনো তার সভ্যতা। তার অনেক কিছু ছিল, ছিল না শুধু ব্রিজ। বাঙালির জীবনে ব্রিজ যোগ হয় উনিশ শতকে। বাংলাদেশে প্রথম সবচেয়ে বড় ব্রিজটি নির্মাণ করা হয় কুষ্টিয়ায়, গড়াই নদীর ওপর। রেলওয়ে ব্রিজ। বড় লাট লর্ড মেয়ো ছিলেন সুযোগ্য শাসনকর্তা। গড়াই নদীর ব্রিজটি তাঁর সময়েই তৈরি। গড়াই সেতু উদ্বোধন উপলক্ষে ১৮৭৩ সালে মীর মশাররফ হোসেন প্রকাশ করেন তাঁর কবিতা পুস্তিকা গোড়াই ব্রিজ বা গোড়ী সেতু। ওই পুস্তিকা সম্পর্কে বঙ্কিমবাবুর বঙ্গদর্শন লিখেছিল, ‘ইহার পদ্য মন্দ নহে।’মীর সাহেবের ‘গোড়াই ব্রিজ’ হারিয়ে গেলেও গড়াই সেতুটি রয়ে গেছে আজও। সেকালে প্রযুক্তি আজকের চেয়ে বেশি উন্নত ছিল না। কিন্তু যা ছিল তার সর্বোচ্চ ব্যবহার হয়েছে। দুর্নীতির প্রশ্ন কেউ তোলেনি।বাংলাদেশে বিস্ময়কর ব্রিজটি তৈরি হয় পাকশী থেকে ভেড়ামারা—পদ্মা নদীর প্রবেশমুখে। সেতুটি তৈরি হয়েছিল ১৯০৫ থেকে ১৯১১ সালের মধ্যে। ওই সময়টি ছিল পূর্ব বাংলার মানুষের একটি স্বপ্নের অধ্যায়। গঠিত হয়েছিল ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’। প্রাতঃস্মরণীয় কংগ্রেসের প্রভুরা সেই স্বপ্ন তছনছ করে দেন। লর্ড কার্জন শুরু করেছিলেন, শেষ করেন লর্ড হার্ডিঞ্জ। লোকে তাই ওই ব্রিজকে বলে হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ ওর ডাকনাম, আসল নাম ‘কিং জর্জ ফিফথ ব্রিজ’।শাসকেরা চান জগতে তাঁদের নাম অক্ষয় করে খোদাই করে রাখতে। কিন্তু কালের প্রবাহে তা থাকে না। সব মুছে যায়। বস্তুটা ভালো হলে সেটাই থাকে বহুকাল। পাকশী ও ভেড়ামারার লোকেরাও আজ পঞ্চম জর্জ ও তাঁর ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে চেনে না। যে নির্মাণ প্রতিষ্ঠান ‘রেন্ডাল পালমার ট্রিটেন’ ওই সেতু তৈরি করেছিল, তার নাম কেউ জানে না। ওই সেতুর ওপর দিয়ে যাতায়াতের আনন্দ উপভোগ করতে একসময় বহু মানুষ ঈশ্বরদী থেকে কুষ্টিয়া এবং কুষ্টিয়া থেকে ঈশ্বরদী-পাবনা ট্রেনে অপ্রয়োজনে ভ্রমণ করেছে। ১৯৬৭ সালে কমরেড মোহাম্মদ তোয়াহার সঙ্গে আমি ওই ব্রিজের ওপর দিয়ে হেঁটে ভেড়ামারা থেকে পাকশী যাই। ওই ব্রিজের ডিজাইনার বার্ড অ্যান্ড কোম্পানি এবং নির্মাতা রেন্ডাল পালমার ট্রিটেনের লোকেরা অথবা সরকারের কোনো মাননীয় মন্ত্রী এক টাকাও দুর্নীতি করেছিলেন বলে চরম নিন্দুকও বলতে পারবে না।ইংরেজরা আরেকটি চমৎকার ব্রিজ বানিয়েছিলেন আমাদের অর্থমন্ত্রী মহোদয়দের শহরে। সুরমা নদীর ওপর। ওটার নাম ছিল কিন (Keane) ব্রিজ। তিনি ছিলেন সম্ভবত আসামের কমিশনার। তাঁকে লোকে ভুলে গেছে। ব্রিজটি আছে। দু-এক শ বছরের মধ্যে যে ধসে পড়বে সে আশঙ্কা নেই। ওই ব্রিজ নির্মাণের আগে অথবা নির্মাণের সময় অবৈধ অর্থ লেনদেন হয়েছিল বলে শোনা যায়নি।মেঘনার ওপর ভৈরব-আশুগঞ্জ সেতুটিও চাট্টিখানি সেতু নয়। পরাধীন আমলে তৈরি। তখনকার ঠিকাদার-ইঞ্জিনিয়ার-আমলারা বউ-বাচ্চা, শ্বশুর-শাশুড়ি, শালা-শালীদের নিয়েই জীবনযাপন করতেন। টাকার তাঁদের দরকার ছিল না, তা নয়। কিন্তু প্রকল্পের টাকা এধার-ওধার হয়েছে সে অভিযোগ কেউ করতে পারেনি।হার্ডিঞ্জ ব্রিজের এবার শতবর্ষ পূর্তি হলো। বহু অনাগত সেতু শতবর্ষ পূর্তি করতে পারবে তা বাংলার অতি আশাবাদীও বলতে পারে না। কে জানে নির্মাণের পর পাঁচ বছরের মধ্যে মেঘনা সেতুর মতো প্রথম ফাটল ধরা পড়বে না। ১৫ বছর পরে প্রথম খাম্বা কাত হবে। ৫০ বছরের মধ্যে সেতু দিয়ে ট্রেন ও মোটরযান চলাচল ঝুঁকিপূর্ণ হবে। হয়তো ৮০ বছরে গিয়ে ওতে যাতায়াত করবে শুধু গরু ও মোষ।জন্মের আগেই যে সেতুকে নিয়ে দুনিয়া তোলপাড় করা খবর, জন্মের পর তাকে নিয়ে কত প্রতিবেদন হবে তা আমরা কল্পনাও করতে পারব না। জাতির মুখে চুনকালি যতই পড়ুক, একটি পর্ব শেষ হয়েছে। পরবর্তী পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বটি ঘটা করেই হবে। নদীর দুই তীরে অসংখ্য ভোটার সে দিন দাঁড়িয়ে থাকবেন দাঁত বের করে। প্রমত্তা নদীর ওপর সেতু নির্মাণের কী ফজিলত তা তাঁদের নাতি-নাতনিরা জানবে।নদীরা কথা বলতে জানে না, কিন্তু সুখ-দুঃখে কাঁদতে জানে। নদীর মধ্যে খাম্বার কারণে স্রোত যদি ব্যাহত হয়, নদীর শ্বাস-প্রশ্বাস যদি রুদ্ধ হয়ে আসে, তা নদীর জন্য চরম বেদনার। ২০৭১ সালের আগেই বাংলাদেশের বিশ্ববিখ্যাত নদীটি যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা না যায়, সেদিকে উদ্যোক্তাদের খেয়াল রাখতে করজোড়ে অনুরোধ করি। নদীশাসনের জন্য এখন পৃথিবীতে জোয়ান বিশেষজ্ঞ আছেন অনেকেই। তাঁদের দাওয়াত দিয়ে এনে পরামর্শ নেওয়া দরকার। সেতু থাকল—নদী থাকল না, সে এক করুণ দৃশ্য। সেতুর তলায় ধান চাষ করতে চাই না।ঘোষিত হয়েছে: সেতু নির্মাণ-পদ্ধতি ও সেতুসংক্রান্ত দুর্নীতির তদন্ত একসঙ্গে চলবে। অতি সুন্দর কথা। ভোটাররা সেতুও দেখতে চান, দুর্নীতির তদন্ত প্রতিবেদনও দেখতে চান। সেতু নির্মাণ করতে লাগবে কয়েক বছর। সম্ভবত উদ্বোধন করা হবে আগামী নির্বাচনের পরবর্তী নির্বাচনের মাস ছয়েক আগে। এই দুর্নীতির অভিযোগের তদন্ত করা কয়েক সপ্তাহেই সম্ভব। দুর্নীতির অভিযোগ এনে যাঁদের বিরুদ্ধে আঙুল তাক করা হয়েছিল, যদি তাঁরা দোষী প্রমাণিত হন, তাঁদের শাস্তি প্রাপ্য। যদি তাঁরা নির্দোষ প্রমাণিত হন, আমরা বিশ্বব্যাংকের কর্মকর্তাদের বিচার চাইব বিশ্ববাসীর কাছে।বাংলাদেশের বর্তমান ও অনাগত সব সেতু দীর্ঘজীবী হোক।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।