বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করতে সরকারিভাবে কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বালু উত্তোলনের ফলে নদী-তীরবর্তী গ্রামের মানুষের বসতভিটা, আবাদি জমি ও রাস্তা ভাঙনের হুমকিতে পড়েছে। এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।
গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে বাঙ্গালী নদীর জয়শিং গ্রামের নৌঘাট এলাকায় সাবানুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ী ড্রেজার মেশিনের সাহায্যে অবাধে বালু তুলে লাখ লাখ টাকার অবৈধ ব্যবসা করছেন। আর বালু তোলার জন্য তঁারা সরকারের কাছ থেকে কোনো অনুমতিও নেননি। বালু তোলার ফলে কয়েক গ্রামের বেশ কিছু পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার হারিয়েছে আবাদি জমি। বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই প্রভাবশালী বলে ক্ষতিগ্রস্ত লোকজন তঁাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না।
অবস্থা অনেকটা মগের মুল্লুকের মতো। যার যা খুশি করছে। কিন্তু কারও যেন কিছু বলার নেই। এই বালু উত্তোলনের মাধ্যমে একদল মানুষ অবৈধভাবে টাকা কামাচ্ছে, আর অন্যদিকে মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ছে। গুটিকয়েক লোকের স্বার্থসিদ্ধির জন্য এভাবে মানুষের সর্বনাশ মেনে নেওয়া যায় না। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে নদীর গতি পরিবর্তিত হয় এবং নদীর দুই পাড় ভেঙে যায়। অর্থাৎ নদী থেকে বালু উত্তোলনের ফলে প্রকৃতিরও ক্ষতি হচ্ছে। এ ক্ষতি রোধ করতে হবে।
অবিলম্বে এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। বালু উত্তোলনকে নিয়মকানুনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রশাসনের কেউ এই চক্রের সঙ্গে জড়িত থেকে সুযোগ-সুবিধা নিচ্ছে কি না, সেটা তদন্ত করে বের করতে হবে।