বাজার তদারকির উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কারণ ছাড়াই পাইকারি বাজারে গত বৃহস্পতিবার চিনির দাম বেড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা বেড়ে গেছে। অথচ বিশ্ববাজারে চিনির দাম বাড়েনি, দেশেও কোনো ঘাটতি তৈরি হয়নি। এদিকে গত তিন সপ্তাহে ছোলার দাম কয়েক দফা বেড়েছে। টিসিবির হিসাব অনুযায়ী, এক মাস আগে মানভেদে ছোলার দাম ছিল ৭৮ থেকে ৮৪ টাকা। এখন মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১০০ টাকায়।
চিনির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বেসরকারি চিনি কারখানা থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দাম বেড়েছে। দেশে চিনির প্রধান আমদানিকারক সিটি গ্রুপ। এই প্রতিষ্ঠানের চিনির কারখানায় গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর উৎপাদন বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি বাজারে বেড়ে যায় চিনির দাম। এর প্রভাব পড়ে খুচরা বাজারেও। ছোলার দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে ছোলার দাম বেড়েছে। তবে বিশ্ববাজার থেকে কেনা ছোলা খুচরা বাজারে প্রায় ৩৩ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।

পবিত্র রমজান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়াটা আমাদের দেশে রেওয়াজে পরিণত হয়েছে। ফলে ব্যবসায়ীদের যুক্তিগুলো অজুহাত ছাড়া আর কিছু নয়। এ মাসে যেসব পণ্যের চাহিদা বাড়ে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী কোনো কারণ ছাড়াই সেসব পণ্যের দাম বাড়িয়ে দেন।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের উচিত প্রয়োজনে জরুরি ভিত্তিতে টিসিবির মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করার ব্যাপারে প্রস্তুত থাকা। ডাল, ছোলা, তেল, চিনিসহ অন্যান্য পণ্যের সরবরাহ পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। চাহিদার প্রাক্কলন এবং চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সিন্ডিকেট করে কেউ দাম বাড়ানোর চেষ্টা করছে কি না, সে ব্যাপারে নজরদারি জরুরি।