বাজার নিয়ন্ত্রণ এবং কৃষিনীতি জনবান্ধব করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০১৫-১৬ অর্থবছরে দেশে ৩ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টন চাল উৎপাদিত হয়েছে, যা আগের বছরের চেয়ে ২ লাখ ৫৮ হাজার টন বেশি। সুতরাং চালের জোগান কম হওয়ার কথা নয়। তারপরও কিন্তু গত বোরো মৌসুমের পর থেকে, অর্থাৎ এক বছর ধরেই তো চালের দাম বেড়ে চলল। আর নতুন করে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে মৌসুম শেষ হয়ে যাওয়ার যে যুক্তি ব্যবসায়ীরা দিচ্ছেন তাও ঠিক নয়। তা-ই যদি হবে, তাহলে বছরের অন্য সময়ে দাম বাড়ল কেন, যখন চালের উৎপাদন বেশিই হয়েছিল। সুতরাং এর মধ্যে বাজারের শক্তিধর ব্যবসায়ীদের কোনো কারসাজি আছে কি না, তা সরকারের তদন্ত করে দেখা উচিত।

বর্তমানে এই অঞ্চলের ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশেই মোটা চালের দাম সবচেয়ে বেশি। বাংলাদেশে চালের দাম এত বেশি কখনোই ছিল না। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১২ সালে যে মোটা চাল খুচরা বাজারে কেজিপ্রতি প্রায় ২৬ টাকা ছিল, তা এখন ৩৯ টাকায় ওঠা কি বিস্ময়কর নয়? কিন্তু এ নিয়ে সরকারের নীতিনির্ধারকদের ভাবান্তর আছে বলে মনে হয় না।

গ্রাম ও শহরে চালের দাম স্থিতিশীল ও আওতার মধ্যে রাখার পাশাপাশি কৃষক যাতে ন্যায্য দাম পান, তা দেখতে হবে। পৃথিবীর অনেক দেশে কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের টিকিয়ে রাখার পাশাপাশি দেশের মানুষের প্রধান খাদ্যের দাম সীমার মধ্যে রাখা হয়। আর বাংলাদেশে কৃষি খাতে ভর্তুকি তাদের তুলনায় অনেক কম। এতে করে চালের সাধারণ ক্রেতাও যেমন ঠকছেন, তেমনি ঠকছেন কৃষকেরা। বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি তাই কৃষিনীতিও জনবান্ধব হতে হবে।