দেশে যখন উপজেলা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি একেবারে নিরুত্তাপ, তখন নিত্যপ্রয়োজনীয় পণ্য উত্তাপ ছড়িয়েছে প্রতিটি হেঁশেলে। বাজারের এই
উত্তাপ নিম্নবিত্ত তো বটেই, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে বড় ঝাঁকুনি দিয়েছে।
বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শীতের মৌসুম শেষে গ্রীষ্মে শাকসবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়ে যেতে পারে। কিন্তু মাছ, মাংস, ডিমসহ প্রায় সব নিত্যপণ্যের দাম একলাফে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি অস্বাভাবিক বলেই মনে হয়।
৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের আগে চালের দাম বাড়া নিয়ে ভোক্তাসাধারণের মধ্যে দারুণ অস্বস্তি ছিল। পরে সরকারের তৎপরতায় কেজিপ্রতি চার–পাঁচ টাকা কমানো সম্ভব হয়েছে। সরকার সে সময় চালের দাম বাড়ার জন্য পাঁচজন বড় চাল ব্যবসায়ীকে দায়ী করলেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা নেই।
প্রথম আলোরখবর থেকে জানা যায়, ইদানীং সবজির সঙ্গে মাছ, মাংস ও ডিমের দাম বেড়ে চলেছে। বছরের এ সময়ে ব্রয়লার মুরগির কেজিপ্রতি দর ১৩০-১৪০ টাকার মধ্যে থাকলেও এখন বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা কেজিতে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক বছর আগের তুলনায় ব্রয়লার মুরগির দাম এখন ২০ শতাংশ বেশি। কক মুরগির কেজি এখন ২৮০-২৯০ টাকা, যা স্বাভাবিক দামের চেয়ে ৫০ টাকার মতো বাড়তি। দেশি মুরগির কেজি ৪৫০-৪৬০ টাকা, যা সাধারণত ৪০০ টাকার কাছাকাছি দরে পাওয়া যেত। মুরগির সঙ্গে বেড়েছে গরুর মাংসের দামও; প্রতি কেজি ৫৫০ টাকা। হঠাৎ করে এসব পণ্যের দাম বৃদ্ধির কারণ কী?
সবজি ও মাছ ব্যবসায়ীদের দাবি, শীতের পর গ্রীষ্মের শুরুতে সবজি ও মাছের দাম একটু বেশি থাকে। কিন্তু অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। বাজারের সবচেয়ে সস্তা পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে, কিছুদিন আগেও ছিল ১২০ টাকা কেজি। প্রতি ডজন ফার্মের ডিম ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের ডজন ১৫০ টাকা। আর দেশি মুরগির ডিমের ডজন ১৮০ টাকা। নতুন সবজি ঝিঙে, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, করলা, বরবটি ও শজনে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০-৭০ টাকা।
আলু ও পেঁয়াজ ছাড়া সব পণ্যের দামই তুলনামূলক বেশি। কিন্তু মানুষ শুধু আলু ও পেঁয়াজ খেয়ে বেঁচে থাকতে পারে না। দেশীয় বা বিদেশ উৎস থেকে কোনো পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে, কিংবা আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, এমন অভিযোগ কেউ করেননি। তারপরও অধিকাংশ পণ্যের দাম বৃদ্ধি সীমিত আয়ের মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। নিত্যপণ্যের দাম বাড়লে তাঁরাই বেশি বিপাকে পড়েন।
সামনে রমজান মাস। বাংলাদেশে রমজান মাস মানেই ব্যবসায়ীদের পোয়াবারো আর সাধারণ মানুষের ভোগান্তি। ক্যাবসহ বিভিন্ন সংস্থা এ বিষয়ে ইতিমধ্যে সরকারকে সতর্ক করে দিয়েছে। রমজান মাসে ডাল, চিনি, তেল, সুজি ও মসলার ব্যবহার বেশি হয়ে থাকে। আমদানিও বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম না বাড়লে আমদানি পণ্যের দাম বাড়ার কথা নয়। কিন্তু রমজান মাস সামনে রেখে একশ্রেণির অসাধু ব্যবসায়ী তারপরও দাম বাড়িয়ে দিয়ে ভোক্তা-ক্রেতাদের পকেট কাটেন।
তঁাদের এই অশুভ তৎপরতা বন্ধ করতে হলে সরকারের উচিত বাজার মনিটরিং জোরদার করা। আর সেটি শুধু রমজানে নয়, সারা বছরই করতে হবে। প্রয়োজনে টিসিবিকে দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য সরবরাহ নিশ্চিত করে বাজার স্থিতিশীল রাখতে হবে।