বাজার নিয়ে মানুষ এখন দুই ধরনের সমস্যায় আছে। একদিকে কৃষক উৎপাদিত পণ্যের দাম পাচ্ছেন না, অন্যদিকে আমদানি পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। করোনা সংকটের আগে থেকে চালের দাম বাড়তির দিকে ছিল। পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা, রসুন ও আদার দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। বাজারে কেন এ অস্থিরতা?
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মতে, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতে কোনো সমস্যা নেই। যেসব দেশ থেকে বাংলাদেশ ভোগ্যপণ্য আমদানি করে থাকে, সেসব দেশে করোনা সংকট গুরুতর না হওয়ায় পণ্যের আমদানিও অব্যাহত আছে। সে ক্ষেত্রে পণ্যের দাম কেন অস্বাভাবিক হারে বাড়বে, সেই প্রশ্ন না উঠে পারে না।
রোজা সামনে রেখে প্রতিবছরই একশ্রেণির ব্যবসায়ীর মধ্যে বাড়তি মুনাফা করার প্রবণতা থাকে। খুচরা দোকানদার থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী কিংবা আমদানিকারক সবাই এ সুযোগ নিয়ে থাকেন। কিন্তু চলতি বছরের পরিস্থিতি একেবারেই ভিন্ন এবং সে কারণে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে সংকট গুরুতর আকার ধারণ করতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ ও মহামারি ঠেকাতে মার্চের শেষ সপ্তাহ থেকে সাধারণ ছুটি কিংবা অঘোষিত লকডাউন চলছে। সংক্রমণের আশঙ্কায় গণপরিবহন বন্ধ আছে। এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে যে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেখানে ঘাটতি রয়েছে। জরুরি পণ্য পরিবহন ছুটির আওতামুক্ত থাকবে, এই মর্মে একটি ঘোষণা দিয়েই কর্তৃপক্ষ যেন তাদের দায়িত্ব শেষ করেছে।
স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে সবকিছু বন্ধ করা হলেও একদিকে সামাজিক দূরত্বের বিষয়টি যেমন পুরো নিশ্চিত করা যায়নি, তেমনি দেখা যাচ্ছে জরুরি পণ্য সরবরাহব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। বিদেশ থেকে আমদানি পণ্য বন্দরে পৌঁছালেও সেখান থেকে খালাস করা এবং গন্তব্যে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা নেই। হাজার হাজার টন পণ্য বন্দরে খালাসের অপেক্ষায় আছে। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।
অন্যদিকে পরিবহনের অভাবে কৃষক তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না। জমি ও শ্রমের মূল্য বাদ দিলেও পণ্য উৎপাদন করতে কৃষকের যে খরচ হয়েছে, বিক্রি করে তিনি যদি সেটাও না তুলতে পারেন, তবে কৃষক বাঁচবেন কী করে? ক্রেতার অভাবে অনেক স্থানে কৃষকের শাকসবজি ও নানা ধরনের ফলমূল জমিতেই নষ্ট হচ্ছে। কৃষক ও ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে বর্তমান পরিস্থিতিতে কৃষিপণ্য সরবরাহব্যবস্থা কীভাবে সচল ও কার্যকর করা যায়, সেই উদ্যোগ নিতে হবে।
সরকারি উদ্যোগে সরাসরি কৃষকদের কাজ থেকে কৃষিপণ্য কিনে বাজারগুলোতে সরবরাহ করা যায়। সরকারি পরিবহন সংস্থা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনেক ট্রাক আছে, যা লকডাউনের কারণে অলস বসে আছে। জরুরি পণ্য পরিবহনের কাজে এগুলো ব্যবহার করতে সমস্যা কোথায়। মালবাহী ট্রেনও এই কাজে লাগানো যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনে এই কাজে সশস্ত্র বাহিনীরও সহায়তা নেওয়া যায়।
পণ্য সরবরাহ নির্বিঘ্ন করা গেলে কৃষককে যেমন তাঁর উৎপাদিত পণ্য নিয়ে হাহাকার করতে হবে না, তেমনি ভোক্তাও ন্যায্য দামে চাহিদামতো পণ্য কিনতে পারবেন। তবে আমদানিপণ্যের ক্ষেত্রে কেবল সরবরাহ নির্বিঘ্ন করলে হবে না; বাজার তদারকির কাজটিও জোরদার করতে হবে।