বাজারে পেঁয়াজের ঝাঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল, ডাল ও ভোজ্যতেলের পর এবার বাজারে পেঁয়াজের ঝাঁজ লক্ষ করা গেছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বুধবারও একই হারে মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। চট্টগ্রামেও মঙ্গলবার সকালে যে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৫৫ টাকা, বিকেলে তা বেড়ে হয়েছে ৭৫ টাকা। এতে স্বভাবতই ভোক্তারা উদ্বিগ্ন। কিন্তু এ ব্যাপারে সরকার বা বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রকাশিত খবরে বলা হয়, উৎপাদন কম হওয়ায় ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতে সব চেয়ে বেশি পেঁয়াজ উপন্ন হয় অন্ধ্র, কর্ণাটক ও মহারাষ্ট্রে। কিন্তু এ বছর অতিবৃষ্টির কারণে পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় সে দেশের কেন্দ্রীয় কৃষি সমবায় সংস্থা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই তথ্য সত্য ধরে নিলেও রাতারাতি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০/২০ টাকা বাড়ানোর কোনো যুক্তি নেই। যে পেঁয়াজ বাজারে আগেই মজুদ এবং বন্দরে খালাসের অপেক্ষায় আছে, তার দাম বাড়বে কেন? আগেও দেখা গেছে, একশ্রেণীর ব্যবসায়ী অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেন। আবার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেও দাম বাড়ানো হয়। পেঁয়াজের ক্ষেত্রে সে রকম কিছু হয়েছে কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব সরকারেরই।এ কথা সত্য যে আমাদের চাহিদার এক-তৃতীয়াংশেরও কম পেঁয়াজ দেশে উৎপন্ন হয়। বলতে গেলে এ ক্ষেত্রে আমরা আমদানিনির্ভর এবং বেশির ভাগ পেঁয়াজ আসে ভারত থেকে। এ ক্ষেত্রে একটি দেশের ওপর নির্ভরশীলতার কারণে হঠাৎ রপ্তানি বন্ধের ঘোষণা আসায় আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে চালের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা হয়েছে। সরকারের উচিত হবে ভারত সরকারের সঙ্গে জরুরি ভিত্তিতে আলাপ করে দ্রুত পেঁয়াজ আমদানির সমস্যাটি সমাধান করা। প্রয়োজনে বিকল্প উৎস খুঁজে বের করা। সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়ে যাতে কেউ ভোক্তাদের পকেট হাতিয়ে না নিতে পারে, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।