অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রণীত আগের বাজেটগুলোতে ব্যবসায়ী-উদ্যোক্তাদের যতটা আশাবাদী করেছিল, ২০১৬-১৭ অর্থবছরের বাজেট সম্পর্কে তার বিপরীত ধারণাই পরিলক্ষিত হচ্ছে। তিনি প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ নির্ধারণ করলেও সেটি কীভাবে অর্জিত হবে, তা স্পষ্ট নয়। ব্যবসায়ী নেতারা বলছেন, অবকাঠামো ও গ্যাস-বিদ্যুতের সমস্যার পাশাপাশি দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা ব্যবসার ব্যয় অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। বাড়তি কর গুনতে হলে সেই ব্যয় আরও বেড়ে যাবে।
গত রোববার ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উৎসে কর কমানো এবং নতুন ভ্যাট আইন সংশোধনের দাবি জানিয়েছেন। একই দিন এমসিসিআই ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজেটে বিনিয়োগ ও রপ্তানিকে উৎসাহিত না করে রাজস্ব আদায়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে নতুন উদ্যোক্তারা আরও হতোদ্যম হয়ে পড়বেন। ফলে করের হার যতই বাড়ানো হোক না কেন, ব্যবসা-বাণিজ্য প্রসারিত না হলে রাজস্ব আয়ও বাড়বে না।
প্রতিবছর বাজেটের আকার বৃদ্ধিকে সরকার বিরাট সাফল্য বলেই দাবি করছে। কিন্তু বাজেট বাস্তবায়নের প্রতি নিবিড় তদারকি না থাকায় বছর শেষে তা কাটছাঁট করতে হচ্ছে। কীভাবে বাজেটে বরাদ্দ করা অর্থ ব্যয় হচ্ছে, তা বিচার-বিশ্লেষণের দাবি রাখে। অনেক ক্ষেত্রে সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় খরচ বেড়ে যায়, কাজের মানও ঠিক থাকে না। এর প্রতিকারে সিপিডির আলোচনা সভায় যে ব্যয় পর্যালোচনা কমিশন গঠনের দাবি এসেছে, আমরা তা যুক্তিসংগত বলেই মনে করি। তবে ব্যবসায়ীদের ভ্যাট আইন সংশোধনের দাবি সমর্থনযোগ্য নয়। কেননা, থোক করপদ্ধতি দুর্নীতিকেই উৎসাহিত করছে।
প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন মহল থেকে নানা আপত্তি যেমন এসেছে, তেমনি বেশ কিছু সুপারিশও করা হয়েছে। যেসব সুপারিশ অর্থনীতিতে গতিসঞ্চার করবে এবং জনগণের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখবে, সরকার সেগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা। ব্যবসায়ী-উদ্যোক্তাদের সঙ্গে সহমত প্রকাশ করে আমরাও বলতে চাই, রাজস্ববান্ধব নয়, ব্যবসা বা বিনিয়োগবান্ধব বাজেট হোক।