অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার আরও বাড়িয়ে ৪ লাখ ২৬৬ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট থেকে প্রায় ৮৩ হাজার কোটি টাকা বেশি। প্রতিবছর বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তার কাছাকাছিও বাস্তবায়ন না হওয়া আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার বড় গলদ হলেও তিনি উত্তরণের পথ বাতলাতে পারেননি।
বিগত আটটি বাজেটের মতো এবারও অর্থমন্ত্রী বিশাল অঙ্কের ঘাটতি বাজেট ঘোষণা করেছেন। কিন্তু সেই ঘাটতি কীভাবে পূরণ হবে, তার দিকনির্দেশনা বাজেটে নেই। তিনি এবারের বাজেটকে উন্নয়নের মহাসড়কে পৌঁছানোর কথা বললেও বাধাগুলো অতিক্রম করার কোনো উপায় নির্দেশ করেননি।
অর্থমন্ত্রী বিগত বাজেটগুলো বাস্তবায়নে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে অনুকূল পরিবেশ পেয়েছেন, এবার তা পাবেন কি না, সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি চালের দামের ঊর্ধ্বগতি বাজারকে আরও অস্থিতিশীল করে তুলবে। সে ক্ষেত্রে মূল্যস্ফীতি ৫.৫ শতাংশ রাখা কঠিন হবে। অন্যদিকে রপ্তানি প্রবৃদ্ধির গতি শ্লথ হওয়া, প্রবাসী আয় কমে যাওয়া অর্থনীতিকে বড় ঝুঁকিতে ফেলতে পারে।
সরকারি হিসাবে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার কথা বলা হলেও বাজেটে কর্মসংস্থান বাড়ানোর দিকনির্দেশনা না থাকা দুর্ভাগ্যজনক। অর্থ পাচার ও ব্যাংকিং খাতের দুর্বলতা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হলেও অর্থমন্ত্রী বিষয়টি উল্লেখ করারই প্রয়োজন বোধ করেননি। সমস্যা স্বীকার না করলে সমাধান মিলবে কীভাবে?
অর্থমন্ত্রী আত্মতুষ্টির বাজেট দিয়েছেন। তিনি ভোটের কথা মনে রেখে কিছু কিছু পণ্যের ওপর ভ্যাট রহিত করলেও বাকি পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট বা মূল্য সংযোজন করই বহাল রেখেছেন। শেষ পর্যন্ত এর দায়টা চাপবে সাধারণ ভোক্তার ওপর। এর সঙ্গে গ্যাসের মূল্যবৃদ্ধিও জনজীবনে বিরূপ প্রভাব ফেলবে। বেসরকারি বিনিয়োগ বাড়াতে কোনো কার্যকর পদক্ষেপ না থাকা, স্বাস্থ্য, শিক্ষা, জনশৃঙ্খলাসহ মানবসম্পদের বিভিন্ন খাতে বরাদ্দ কমানো এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় বাড়ানোর প্রবণতা বাজেটের বড় দুর্বলতা হিসেবেই চিহ্নিত হবে।
যেখানে বিনিয়োগের অনুকূল পরিবেশ নেই, সেখানে ব্যাংকে রাখা অর্থের ওপর মাত্রাতিরিক্ত করারোপ আত্মঘাতী। এর মাধ্যমে অর্থমন্ত্রী বিদেশে অর্থ পাচারকেই উৎসাহিত করতে চান কি না, সেই প্রশ্ন এসে পড়ে। বাজেট সংসদে পেশ করা হয়েছে মাত্র, চূড়ান্ত করার সময় জনস্বার্থের বিষয়টি আইনপ্রণেতারা মাথায় রাখবেন আশা করি।