বাজেট ২০২১-২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম অনুযায়ী অর্থবছরের শেষ দিন ৩০ জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস হয়েছে, যা ১ জুলাই অর্থাৎ নতুন অর্থবছরের প্রথম দিন থেকে কার্যকর হওয়ার কথা।

করোনার কারণে এবার বাজেট আলোচনা সংক্ষিপ্ত হয়েছে। একসঙ্গে ৮০-১০০ জনের বেশি সাংসদ উপস্থিত ছিলেন না। বাজেট পেশের পর সংসদে আলোচনা ছাড়া বিভিন্ন মহল থেকে সংশোধনীর প্রস্তাব আসে। অর্থমন্ত্রী কিছু কিছু প্রস্তাব মেনে নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে নগদ টাকা, শিল্পে বিনিয়োগ, পুঁজিবাজার, ফ্ল্যাট, ব্যাংক আমানতসহ কয়েকটি খাতে কালোটাকা সাদা করার প্রস্তাব করলে সংসদের ভেতরে–বাইরে ব্যাপক সমালোচনা হয়। তঁারা বলেছেন, এতে দুর্নীতি ও দুর্নীতিবাজেরা উৎসাহিত হবেন। কেননা, যেসব করদাতা সঠিকভাবে আয়ের হিসাব দিয়েছেন, তাঁদের ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হয়। আর যাঁরা সঠিক হিসাব না দিয়ে কর ফাঁকি দিচ্ছেন, তাঁরা ১০ শতাংশ জরিমানা দিয়ে কালোটাকা সাদা করে নিতেন। এটি যেমন অনৈতিক, তেমনি সৎ করদাতাদের প্রতি অবিচারও বটে।

অর্থমন্ত্রী নানা মহলের সমালোচনার মুখে কালোটাকা সাদা করার ক্ষেত্রে ২৫ শতাংশ জরিমানা ধার্য করেছেন। পৃথিবীর অনেক দেশে কালোটাকা সাদা করার সুযোগ আছে। তবে সে ক্ষেত্রে নিয়মমাফিক করের চেয়ে অনেক বেশি জরিমানা দিতে হয়। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, যত দিন কালোটাকা থাকবে, তত দিন তা সাদা করার সুযোগও থাকবে। তাঁর এ বক্তব্যের সমালোচনাই বেশি হয়েছে। উন্নয়নের রোল মডেল সরকারের দায়িত্ব কি কালোটাকা সাদা করা, না কালোটাকা তৈরি ও বিদেশে পাচারের পথ বন্ধ করা? আমাদের আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা প্রকট। এটি কাটিয়ে উঠতে না পারলে কালোটাকা হতেই থাকবে।

অর্থমন্ত্রী আরও কয়েকটি বিষয়ে ছাড় দিয়েছেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) ওপর আরোপিত বাড়তি কর প্রত্যাহার। এ ছাড়া ২০ হাজার টাকা পর্যন্ত যাঁদের মাসিক বেতন, তাঁদের ব্যাংক চেকের মাধ্যমে বেতন নেওয়ার প্রস্তাব পাস হয়েছে। প্রথমে ১৫ হাজার টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছিল। শিল্পের জন্য ৫০ হাজারের বেশি কাঁচামাল কিনলে চেকের মাধ্যমে লেনদেনের যে প্রস্তাব করা হয়েছিল; তার সীমা পাঁচ লাখ টাকা করা হয়েছে। এসব সিদ্ধান্ত ইতিবাচক বলেই মনে করি।

করোনাকালে অর্থমন্ত্রী ‘জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ গড়ার যে অঙ্গীকার করেছেন, তা পূরণ হবে কি না, নির্ভর করছে এর বাস্তবায়নের সদিচ্ছা ও সক্ষমতার ওপর। বাজেট যতই গণবান্ধব হোক না কেন, বাস্তবায়ন করতে না পারলে কোনো লাভ নেই। এবার বাজেট আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল স্বাস্থ্য খাত। বিরোধী দল তো বটেই, সরকারি দলের অনেক সদস্যও এ খাতের সমালোচনায় মুখর ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বরাবরের মতো সব অভিযোগ অস্বীকার করে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করেছেন।

বাজেটে যেসব উন্নয়ন পরিকল্পনার কথা বলা হয়েছে, এ থেকে জনগণের ন্যূনতম সুফল নিশ্চিত করতে হলে এর বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে জবাবদিহির আওতায় আনতে হবে। সরকার এ চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করে, সেটাই এখন দেখার বিষয়।