জাতীয় বাজেট দেশের আর্থিক পরিকল্পনা। বাজেটের মধ্যেই সরকারের উন্নয়ন পরিকল্পনার কর্মকৌশল প্রতিফলিত। দুঃখের বিষয়, সুকুমার শিল্প হিসেবে চিহ্নিত প্রকাশনা খাতে আমাদের দেশের জাতীয় বাজেটে আজ অবধি কোনো বরাদ্দ নেই। স্বাধীনতা-পরবর্তী সব সরকার বক্তব্য-বিবৃতিতে প্রকাশনা খাতের উন্নয়নে নানা মুখরোচক কথা বললেও কার্যকরণ ছিল অন্তঃসারশূন্য। একটি দেশের প্রকাশনা খাতের চিত্র অবলোকন করলেই দেশের মেধা-মননের চর্চা, শিল্প-সাহিত্যের জগৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া পায়। অথচ জাতিক বুদ্ধিবৃত্তিক চর্চার উন্নয়ন নির্দেশক এই খাত কেন সরকারের বাজেট-আনুকূল্য থেকে বঞ্চিত তা বোধগম্য হয় না।বর্তমান সরকারের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের ২ দশমিক ২ অনুচ্ছেদে বলা হয়েছিল, ‘বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য, সংগীত, শিল্পকলা, নাটক, চলচ্চিত্র এবং সৃজনশীল প্রকাশনাসহ সুকুমার শিল্পের সব শাখায় উৎকর্ষ সাধনে রাষ্ট্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করবে।’সরকার সুকুমার শিল্পের প্রতিটি খাতকে পৃষ্ঠপোষকতা দিলেও কেবল প্রকাশনাকে কোনো পৃষ্ঠপোষকতা দেয়নি। চলচ্চিত্রশিল্পে সম্প্রতি নামমাত্র সুদে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করলেও প্রকাশনাশিল্পের জন্য ঋণের ব্যবস্থা গৃহীত হয়নি অথচ বিষয়টি জরুরি ছিল। এমনকি ২০১০-১১ অর্থবছরের বাজেটে দেশজ সংস্কৃতির বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়কে যে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়, তার কোনো টাকাই প্রকাশনাশিল্পের উন্নয়নে ব্যয় হয়নি। পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে যুগপৎ করতে চাইলে সরকারকে অবশ্যই বাজেটে বরাদ্দ দিয়ে একাডেমিক ও সৃজনশীল প্রকাশনাকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। প্রকাশনাকে শিল্পের মর্যাদায় আনতে সরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আমরা চাই সরকার আসন্ন বাজেটে প্রকাশনার জন্য কাগজসহ প্রকাশনা-সংশ্লিষ্ট দ্রব্যাদিতে ভর্তুকি দেবে, প্রকাশনা খাতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবে। সর্বোপরি প্রকাশনা খাতে প্রণোদনার জন্য বিশেষ বরাদ্দ দেবে।প্রতিবেশী ভারতে প্রকাশকদের জন্য স্বল্প মূল্যে কাগজ সরবরাহসহ নানামুখী প্রণোদনার ব্যবস্থা আছে সরকারের তরফ থেকে। এমনকি ভারতে উৎপাদিত সৃজনশীল বইয়ের একটি বড় অংশের ক্রেতা ভারত সরকার। ফলে ভারত আজ অভ্যন্তরীণ বাজারে নিজ অবস্থান দৃঢ় করে বহির্বিশ্বে নিজ প্রকাশনার রপ্তানি খাতকে মজবুত করছে। ভারতে ১৯ হাজার প্রকাশনাপ্রতিষ্ঠান বছরে গড়ে বছরে এক লাখের মতো বই প্রকাশ করে চলেছে। বিশ্বের ৮০টি দেশে বই রপ্তানি করে গড়ে প্রতিবছর ৫০০ কোটি ডলার উপার্জন করে ভারত। ইতিমধ্যে ভারতে প্রকাশনার অগ্রগতিতে কল্পমান বিশ্বে প্রকাশনার জগতের প্রথম কাতারের দেশ চীন। উল্লেখ্য, বর্তমানে চীনে প্রতিবছর ৮০০ কোটি কপি বই প্রকাশিত হয়।বিশ্বজুড়ে প্রকাশনা খাতের বর্তমান অর্থমূল্য সাড়ে আট লাখ কোটি টাকা। ২০১৫-এ বৈশ্বিক পুস্তক প্রকাশনাশিল্পে আর্থিক মূল্য ১১৯ মিলিয়ন ডলারে দাঁড়াবে। এখন প্রশ্ন, আমাদের উদ্যমী তরুণ-তরুণীরা কেন এ বিশাল সম্ভাবনা থেকে দূরে থাকবে? প্রকাশনা পেশা যতটা না জীবিকার, তার চেয়ে বেশি জড়িয়ে আছে জ্ঞানের প্রতি প্রত্যয় ও জাতিক বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের চিন্তন। একটি দেশের প্রকাশনা শুধু রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয় নয়, দেশের আইকন হিসেবে বিশ্বের দরবারে দেশকে পরিচিত করতে পারে এবং দেশের জনগণকে দক্ষ ও পরিশীলিত করে সামগ্রিক উন্নয়নের ভিত তৈরি করতে পারে।গত ২৫ বৈশাখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে বাংলাসাহিত্যেকে ভাষান্তর করে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই কল্যাণনিষ্ঠ বক্তব্যের সঙ্গে সরকারের আর্থিক পরিকল্পনা বা বাজেটে সাযুজ্য থাকলে এই আহ্বান বাস্তবতার দিকে এগোবে। আমাদের প্রকাশনাশিল্পের সম্ভাবনা অপার। শুধু প্রয়োজন যথার্থ আইন ও জননীতি তৈরি, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা। সরকারের আন্তরিকতা পেলে দেশের প্রকাশকেরা এই খাতকে এগিয়ে নিতে নিরলস কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। খান মাহবুব: গবেষক ও প্রকাশক।[email protected]