বাণিজ্য করিডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ভূখণ্ডের ভেতর দিয়ে বাংলাদেশ-নেপাল বাণিজ্য করিডরটি সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। মংলা বন্দর ব্যবহার করে নেপাল ও বাংলাদেশ যাতে কাঁকরভিটা হয়ে পণ্য আনা–নেওয়া করতে পারে, সে জন্য ভারত সরকার তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিতে সম্মতির কথা বেশ কিছুদিন ধরেই বলে আসছে। কিন্তু এ জন্য বাংলাবান্ধা থেকে কাঁকরভিটা পর্যন্ত ৫৪ কিলোমিটার ভারতীয় ভূখণ্ডে ট্রানজিট-ব্যবস্থা বলতে যা বোঝায়, তা এখনো গড়ে তোলার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাংলাদেশ-নেপাল পণ্য আমদানি-রপ্তানি পুরোপুরি ভারতীয় ট্রানশিপমেন্টের ওপর নির্ভরশীল। এতে সময় ও ব্যয় দুটোই বেড়ে যাচ্ছে।
সত্য যে, বাংলাদেশ-নেপাল বাণিজ্যপথের সঙ্গে যুক্ত থাকা চারটি স্থলবন্দরের উন্নয়নে তিনটি দেশকেই সমন্বিত ভূমিকা রাখতে হবে। কারণ, এই রুট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পৃক্ততার অন্যতম কার্যকর পথ হয়ে উঠতে পারে। এ জন্য প্রস্তাবিত মোটরযান চুক্তিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা দরকার।
ভারতের ফুলবাড়ী স্থলবন্দর ব্যতিরেকে অন্য তিনটি, বাংলাদেশের বাংলাবান্ধা, নেপালের সীমান্তবর্তী কাঁকরভিটা এবং তার লাগোয়া ভারতের পানিটানকি স্থলবন্দরের অবকাঠামো খুবই নাজুক। ভারতের জয়পুরভিত্তিক গবেষণা সংস্থা কাটস এই বাণিজ্যপথের যে চিত্র তুলে ধরেছে, তাতে এটা স্পষ্ট যে ফুলবাড়ী কিছুটা উন্নত হলেও এসব আসলে এখনো নামমাত্র স্থলবন্দর।
ফুলবাড়ী-পানিটানকি সড়ক, পানিটানকি-কাঁকরভিটা সংযোগ সড়কসহ দুটি স্থলবন্দরের উপযুক্ত উন্নয়নের শতভাগ দায়দায়িত্ব যেহেতু ভারত সরকারের, তাই এই রুটকে একটি সার্থক ট্রানজিট রুটে রূপান্তর করতে দেশটিকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। তবে এটিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ট্রানজিট-সুবিধার সঙ্গে যুক্ত করা সমীচীন হবে না। সেখানে ভারতের পণ্য ভারতেই যাবে বাংলাদেশের ভূখণ্ডের ওপর দিয়ে। আর বাংলাদেশ-নেপাল করিডরে দুই দেশের পণ্য আদান-প্রদান হবে। সামগ্রিক বিবেচনায় তিন দেশ যদি এই করিডরকে একটি গতিশীল ট্রানজিট রুটে রূপান্তর করতে পারে, তাহলে এই অঞ্চলের জনগণ তার সুফল পাবে।