বাণিজ্য মেলায় চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেরেবাংলা নগরে আগামী ১ জানুয়ারি থেকে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে, সেখানে সরকারপন্থী ছাত্রলীগের নেতা-কর্মীদের চাঁদাবাজির অভিযোগ সরকারের জন্য ভীষণ বিব্রতকর। প্রথম আলোয় এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশের পর তাঁদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেল। কিন্তু তাঁরা যথারীতি গা ঢাকা দিয়েছেন। এ রকম ক্ষেত্রে সাধারণত যা হয়, পুলিশ সম্ভবত এখন বলবে, অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বাণিজ্য মেলায় চাঁদাবাজির বিষয়টি বেশ গুরুতর। খোদ বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরেরই অসহায় দশা। স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, র‌্যাবের মহাপরিচালক, ডিজিএফআই ও এনএসআইকে চিঠি পাঠিয়ে বাণিজ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন, ছাত্রলীগের চাঁদাবাজি বন্ধ করা হোক, নইলে আগামী ১ জানুয়ারি নির্ধারিত দিনে বাণিজ্য মেলা উদ্বোধন করা সম্ভব হবে না।বাণিজ্যমন্ত্রী ক্ষমতাসীন মহাজোটের ক্ষুদ্র শরিক জাতীয় পার্টির প্রতিনিধি। আর বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন খুলতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যাঁরা চাঁদা আদায় করছেন, চাঁদা না দিলে প্রাণ যাবে বলে হুমকি দিয়ে আসছেন, তাঁরা মহাজোটের প্রধান দল আওয়ামী লীগের স্নেহের ছাত্রসংগঠন ছাত্রলীগের শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার নেতা-কর্মী। এ জন্যই কি বাণিজ্যমন্ত্রীর এমন অসহায় দশা?সংশ্লিষ্ট থানার পুলিশের ভাষ্য, বাণিজ্য মেলায় চাঁদাবাজির তথ্য সরকারের সব স্তরে জানানো হয়েছে। কিন্তু সংবাদমাধ্যমে চাঁদাবাজির খবর প্রকাশের আগ পর্যন্ত চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এখনো যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও বলা যায় না। হয়তো চাঁদাবাজদের বলা হয়েছে আপাতত গা ঢাকা দিতে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হাসান ওরফে সম্রাটের বিরুদ্ধে চাঁদাবাজিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। আরও অভিযোগ উঠেছে: ছাত্রলীগের ওই নেতাদের মদদ দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আত্মীয় ও যুবলীগের নেতা শহীদুল ইসলাম এবং সরকারদলীয় সাংসদ নূরুন্নবী চৌধুরী ওরফে শাওন।একটা সময় ছিল, যখন ক্ষমতাসীন দল ও অঙ্গসংগঠনগুলোর নামে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল। সেসব চাঁদাবাজি বন্ধ করার ক্ষেত্রে পুলিশ বস্তুত অকার্যকর হয়ে পড়েছিল। কারণ, ক্ষমতাসীন দলের বড় নেতাদের প্রশ্রয় থাকত চাঁদাবাজির পেছনে। সেই অবস্থার পরিবর্তন শুরু হয় র‌্যাব সক্রিয় হওয়ার পর থেকে। কয়েক বছরে ব্যবসা-বাণিজ্যে প্রত্যক্ষ চাঁদাবাজির ঘটনা কমে এসেছিল বলে ব্যবসায়ী মহল থেকে কিছুটা স্বস্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু এখন আবার চাঁদাবাজির অভিযোগ বাড়তে শুরু করেছে।বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নির্মাণসহ সব ক্ষেত্রে চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধ করার জন্য অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে। কোনো চাঁদাবাজ যেন ওই এলাকার ধারেকাছেও ভিড়তে না পারে। প্রয়োজনে র‌্যাবের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হোক।