সর্বোচ্চ দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার। দেহ চ্যাপ্টা। চোয়াল লম্বাটে। ওপরের চোয়াল নিচেরটার চেয়ে কিছুটা লম্বা। ছোট মাছপ্রেমী ভোজনরসিক সব বাঙালিরই হয়তো মাছটা চেনা। বলছি বাতাসির কথা। একসময় খালে–বিলে অঢেলই পাওয়া যেত। আশার কথা, প্রকৃতির ওপর লাগামছাড়া অত্যাচারের পরও এখনো অতটা দুর্লভ হয়ে ওঠেনি এই মাছ। এমন অনেক মাছই তো এখন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় ঢুকে গেছে। বিপন্ন প্রাণীদের বর্তমান হাল বোঝাতে তারা এই তালিকাটা করে থাকে। বাতাসির ভাগ্যেও যে তেমনটা ঘটবে না, কে বলতে পারে। আর কৃত্রিমভাবে পোনা উৎপাদন করা যায় না বলে মাছটি চাষও করা যেত না। তাই এবার সম্ভব করল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। পাঁচ বছর গবেষণা করে কৃত্রিম প্রজননের মাধ্যমে বাতাসি পোনা উৎপাদনে সক্ষম হয়েছেন তাদের বিজ্ঞানীরা। ফলে উন্মুক্ত জলাশয়ের পাশাপাশি বদ্ধ জলাশয়েও মাছটি এখন চাষ করা সম্ভব হবে।
খাল, বিল, নদ–নদীর মতো উন্মুক্ত জলাশয় থেকে বিলুপ্ত হয়ে গেছে কিংবা হতে চলেছে, এমন দেশি মাছ নিয়ে দুই দশক ধরে নিরলস গবেষণা করে চলেছে বিএফআরআই। উদ্দেশ্য, কৃত্রিম উপায়ে পোনা উৎপাদন করে পুকুরে কিংবা আবদ্ধ জলাশয়ে বাণিজ্যিকভাবে মাছগুলো চাষের উপায় উদ্ভাবন করা। এই ক্ষেত্রে তাদের সাফল্য ঈর্ষা করার মতো। বাতাসির আগে আরও ২৬টি বিলুপ্তপ্রায় মাছের পোনা উৎপাদনে সক্ষম হয়েছে তারা। মাছগুলোর নাম শুনলেই তাদের অর্জনের গুরুত্বটা বোঝা যাবে: পাবদা, গুলশা, শিং, মাগুর, কই, মহাশোল, গুজি আইড়, রাজপুঁটি, গণিয়া, সরপুঁটি, চিতল, মেনি, ট্যাংরা, ফলি, গজার, আঙ্গুস, খলিসা, বালাচাটা, কুঁচিয়া, কালবাউশ, ভাগনা, বাটা, দাতিনা, বৈরালী, গুতুম ও ঢ্যালা।
এই সব উদ্ভাবনের ফলে গত ১০ বছরে দেশি ছোট মাছ চাষে রীতিমতো বিপ্লব হয়ে গেছে, উৎপাদনই বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। মাঝখানে বাজারে দেশি মাছ প্রায় নাই-ই হয়ে গিয়েছিল। আর যাও–বা পাওয়া যেত, দাম ছিল আকাশছোঁয়া। এখন দেশি মাছও প্রচুর, দামও সাশ্রয়ী।
বর্তমানে ঢেলা, শোল, বাইম, রানি, কাজলি, বাতাসি, কাকিলা, কাওন, ভোলরসহ বিলুপ্তপ্রায় আরও কিছু মাছের প্রজনন এবং চাষপদ্ধতি নিয়ে গবেষণা চলছে। আমাদের আশা, সব কটিতেই িবজ্ঞানীরা সফল হবেন। সবচেয়ে বড় কথা, মাছ তো আরও আছে। ২০১৫ সালে আইইউসিএনের দেওয়া তথ্য বলছে, ৬৪টির মতো স্বাদুপানির মাছ বিলুপ্তপ্রায় অবস্থায় আছে। এগুলোকেও তো ফিরিয়ে আনতে হবে।