বাদ পড়া লতিফ সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল লতিফ সিদ্দিকী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে কী বলেছেন, সেটি বিবেচনার বিষয়। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তিনি কী করেছেন। বেফাঁস বক্তব্যের জন্য তিনি মন্ত্রী পদ হারিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এটাই প্রথম নয়, গত সাড়ে পাঁচ বছর আবদুল লতিফ সিদ্দিকী গণমাধ্যম, নাগরিক সমাজ, বিরোধী দলের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে চলেছেন। এমনকি তাঁর হাতে একাধিক সরকারি কর্মকর্তা নিগৃহীত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এমন সব মন্তব্য করেছেন, যা খোদ প্রধানমন্ত্রী কিংবা তাঁর দলের পক্ষেও হজম করা কঠিন।
শেষ পর্যন্ত আবদুল লতিফ সিদ্দিকীকে সরকার ও দল থেকে বাদ দেওয়ার যে ঘোষণা এসেছে, তাকে স্বাগত জানাই। একই সঙ্গে এই প্রশ্নটিও জরুরি যে আইনকানুন, ভদ্রতা-রুচির তোয়াক্কা না করা এ রকম দুর্মুখ ও দুষ্কর্মে পারদর্শী ব্যক্তি কী করে এত দিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন? খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনেই তাঁর বিরুদ্ধে ৪৬টি অনিয়মের ঘটনা উদ্ঘাটিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে লতিফ সিদ্দিকী কোনো দরপত্র ছাড়াই ৪৬টি সরকারি শিল্পকারখানা স্বল্পমূল্যে, কোনো কোনো ক্ষেত্রে নামমাত্র মূল্যে ছেড়ে দিয়ে রাষ্ট্রের তথা জনগণের বিপুল ক্ষতিসাধন করেছেন। যেসব সরকারি প্রতিষ্ঠান অস্বচ্ছ প্রক্রিয়ায় ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলো ফেরত আনার বিষয়টি যাচাই করার কথাও বলা হয়েছে উল্লেখিত প্রতিবেদনে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রতিষ্ঠিত বহুমুখী পাটপণ্য কেন্দ্রটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তাঁর স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণে।
তাই কেবল মন্ত্রিসভা কিংবা দল থেকে অব্যাহতিই যথেষ্ট নয়। গত পাঁচ বছরে আবদুল লতিফ সিদ্দিকী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে, প্রতিটির সুষ্ঠু তদন্তসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে তাঁর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে যে তারা আইনের শাসনে বিশ্বাসী এবং কেউই আইনের ঊর্ধ্বে নন।