অনেকেই কথা রাখেনি, প্রকৃতি ঠিকই কথা রেখেছে। বর্ষার প্রথম কদম ফুল ফুটেছে। মৌসুমি বায়ুও এবার ঠিক সময়েই এসে পড়েছে। রবিঠাকুরের ভাষায় ‘এসেছে বরষা, এসেছে নবীনা বরষা, গগন ভরিয়া এসেছে ভুবনভরসা।’ আজ আষাঢ়স্য তৃতীয় দিবস।
এবার জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকেই অকাতরে বৃষ্টি হচ্ছে। বর্ষা মানে ফসলের ভরসা, বর্ষা মানে বাংলার চিরায়ত সজল রূপের পুনরাভিষেক, বর্ষা মানে গ্রাম-বাংলার স্বস্তির অবসর। গত বছর বর্ষায় বৃষ্টি কম ছিল। এ বছর আবহাওয়াবিদেরা পূর্ণ বর্ষাই আশা করছেন। বাংলাদেশের বর্ষার কোনো তুলনা নেই। আকাশ–কালো নদী ছলছল বর্ষা ছাড়া এ দেশের প্রকৃতির রূপও যেন পূর্ণভাবে খোলে না। বর্ষার সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন সভ্যতায় প্রথম বৃষ্টি পরিমাপের ইতিহাস। প্রাচীন মিসর, চীন ও ভারতে বর্ষা শুরুর বৃষ্টি মেপেই সুদিন-দুর্দিনের অনুমান করা হতো। বৃষ্টি ভালো মানে অধিক ফসল, অধিক কর আদায়ের সুযোগ। আবার বর্ষায় যুদ্ধকাজ কঠিন বলেও বর্ষাপ্রবণ দেশের মানুষের মন কোমল। বর্ষাময় বাংলাদেশ চিরকালই শত্রু বাহিনীকে ভুগিয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধ তার বড় উদাহরণ।
বর্ষা তাই বাংলাদেশের জন্য প্রকৃতির আশীর্বাদই বটে। কিন্তু মানুষের ভুলে এহেন শরীর-মনজুড়ানো বর্ষাও অভিশাপ হয়ে উঠতে পারে। একসময় বর্ষার সঙ্গে আসত বন্যা, এখন বর্ষা মানেই রাজধানীসহ বড় বড় শহরে জলাবদ্ধতার অভিশাপ। ইতিমধ্যে অল্প বৃষ্টিতেই ঢাকার রাজপথে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আছে খানাখন্দ ভরা রাস্তা এবং অসময়ে নালা খুঁড়ে রাখার খামখেয়াল। কর্তৃপক্ষ কেন বর্ষার আগেই তাদের কাজ শেষ করতে পারে না?
বর্ষা উপভোগের বিষয়। কিন্তু সরকার যদি রাস্তা ও বাঁধ মেরামত না করে, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং বন্যা মোকাবিলার প্রস্তুতি না থাকে, তাহলে সবই হরিষে বিষাদ হয়ে যেতে পারে।