বাংলাদেশ এবং এর জনগণ নিয়ে আশাবাদী হওয়ার অনেক কারণ আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আন্তর্জাতিক পর্যায় থেকে, বিশেষ করে জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এ ধরনের স্বীকৃতি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। একই সঙ্গে তিনি উল্লেখ করতে ভোলেননি বাংলাদেশের সামনে কী কী চ্যালেঞ্জ। বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, আমরা ইতিমধ্যে যে অগ্রগতি অর্জন করেছি, সেটাও উল্লেখযোগ্য। তবে আমাদের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ও হানাহানিমুক্ত হলে এই সম্ভাবনাকে আরও বহু দূর নিয়ে যাওয়া যেত, আমাদের অগ্রযাত্রায় যোগ হতো আরও অনেক কিছু।বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব এই ইতিবাচক বক্তব্য দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে। জিল্লুর রহমানকে বাংলাদেশের অন্যতম সম্মানিত রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বান কি মুন তাঁর পরিবার, বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। বাংলাদেশের রাষ্ট্রপতির মৃত্যুতে এই শোক ও সমবেদনা প্রকাশের জন্য আমরা জাতিসংঘের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানাই।জাতিসংঘের মহাসচিব বলেছেন, টেকসই উন্নয়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সামনের কাতারে রয়েছে। ক্ষুদ্রঋণের অগ্রদূত বাংলাদেশের অর্থনীতিকে বিকাশমান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সীমা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বালক ও বালিকাদের স্কুলে যাওয়ার হার দিনে দিনে বাড়ছে, কমছে মাতৃমৃত্যুর হার। সামাজিক নিরাপত্তা পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে পয়োনিষ্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহসহ সরকারি সেবা খাতের উন্নতি হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের জোরালো অংশগ্রহণের প্রসঙ্গে তিনি বিশেষ করে নারী পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি বিশেষভাবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নারী পুলিশ কর্মকর্তাদের ভূমিকায় খুবই গর্বিত।’বাংলাদেশের সামনে কী চ্যালেঞ্জগুলো রয়েছে, তা আমাদের খুব অজানা নয়। জাতিসংঘের মহাসচিব সেই দিকগুলোর প্রতিই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। জনসংখ্যা বৃদ্ধি, বৈষম্য, খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি মোকাবিলা ও তরুণদের কর্মসংস্থানের মতো বিষয়গুলো সত্যিই এখনো আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তাঁর দৃষ্টিতে রাজনৈতিকভাবে গণতন্ত্রকে কার্যকর করা, সমঝোতার পরিস্থিতি সৃষ্টি, স্বাধীনতাসংগ্রামের ক্ষত দূর করা ও এ ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো বাংলাদেশের সামনে এখনো বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি, দেশের রাজনৈতিক পক্ষগুলো আন্তরিকভাবে চাইলে এসব চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করা সম্ভব। আমরা আশা করব, আমাদের রাজনৈতিক দলগুলো দেশ ও এর সম্ভাবনার বিষয়টি বিবেচনায় রেখে একটি সত্যিকার ও কার্যকর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসবে। এই জরুরি কাজটি করা গেলে বাকি সমস্যাগুলো দূর করা কঠিন কিছু হবে না।