বান কি মুনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘাতের রাজনীতি নিশ্চিতভাবেই জনগণ চায় না, যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানই তাদের চাওয়া। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও শুক্রবার বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক নেতার কাছে বিশ্ব সংস্থার এই প্রত্যাশার কথা জানিয়েছেন। রাজনৈতিক সমস্যা সব দেশে হতেই পারে এবং এই অভ্যন্তরীণ বিষয়টির সমাধান নিজেদেরই করা উচিত। কিন্তু আমরা দেখে আসছি, দেশের রাজনৈতিক নেতৃত্ব সমস্যাকে এমন পর্যায়ে নিয়ে যান, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ না করে উপায় থাকে না।নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশে রেওয়াজে পরিণত হয়েছে। ২০০৬ সালে বিএনপি সরকারের মেয়াদের শেষের দিকে যেমন নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখনো সেই একই অনিশ্চয়তা। সেই অচলাবস্থা দেশকে সংঘাত-সহিংসতার দিকে নিয়ে গিয়েছিল। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা তখনো বাংলাদেশকে নিয়ে একইভাবে উদ্বিগ্ন দেখেছি, তাদের নানা তৎপরতা দেখেছি। এর পরিণতিতে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তা নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃত্বের সমালোচনার শেষ নেই। কিন্তু তাদের মনে রাখা উচিত, রাজনৈতিক অচলাবস্থা ও সহিংসতার চূড়ান্ত পরিণতিতেই এ ধরনের সরকার ক্ষমতায় আসে।রাজনৈতিক নেতৃত্বের জন্য গত ‘সেনা-সমর্থিত’ ও দীর্ঘমেয়াদি তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা সুখের হয়নি। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে কোনো পক্ষ শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। দেশের সব দল ও জনগণের চাওয়ার মধ্যে কিন্তু বিরোধ নেই। সবারই চাওয়া—সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রশ্ন হচ্ছে, কীভাবে এ ধরনের একটি নির্বাচন অনুষ্ঠান সম্ভব? দেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তির মধ্যে মতভেদও এ নিয়ে। গণতান্ত্রিক সমাজে এ ধরনের সমস্যা সমাধানের পথ হচ্ছে আলাপ-আলোচনা। আমাদের সমাজের দায়িত্বশীল সব মহল থেকেই রাজনৈতিক দলগুলোর প্রতি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। দুঃখজনক হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ব্যাপারে আগ্রহ দেখা যাচ্ছে না।বিশ্বের সবচেয়ে মর্যাদাবান আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মহাসচিব বান কি মুন একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে ফোন করে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। বর্তমান বিশ্বব্যবস্থায় কোনো দেশের অভ্যন্তরীণ সমস্যা কার্যত অভ্যন্তরীণ থাকে না, এর আন্তর্জাতিক প্রভাব রয়েছে। বাংলাদেশের সামনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে দেশের বাইরেও উদ্বেগ বাড়ছে, তার প্রমাণ সাম্প্রতিক সময়ে আমাদের বন্ধু ও উন্নয়ন-সহযোগী প্রভাবশালী রাষ্ট্রগুলোর নানা ধরনের প্রতিক্রিয়া। আমরা এ ধরনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দুনিয়ার দেশগুলোর রাষ্ট্রদূতদেরই এসব ব্যাপারে বেশি সরব দেখি, কিন্তু এবার চীনের রাষ্ট্রদূতও বাংলাদেশের দুই শীর্ষ নেতাকে আলোচনায় বসা এবং সমঝোতায় আসার পরামর্শ দিয়েছেন।রাজনৈতিক সমস্যাকে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের দিকে না নিয়ে অচলাবস্থার দিকে নিয়ে গেলে কী পরিণতি হয়, তা নিশ্চয়ই নেতা-নেত্রীদের স্মরণে রয়েছে। দেশকে রাজনৈতিক নেতৃত্ব কোন দিকে নিয়ে যাবেন, সেটাই এখন দেখার বিষয়।