থানা-পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে প্রতিকার না পেয়ে শিশুকন্যাসহ গাজীপুরের কর্ণপুর গ্রামের বাসিন্দা হজরত আলীর ট্রেনের নিচে আত্মঘাতী হওয়া দেশ ও সমাজের জন্য লজ্জাজনক ঘটনা, যা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিজেও স্বীকার করেছেন। কিন্তু এই ঘটনার খলনায়ক ফারুক হোসেনকে গ্রেপ্তার না করা কিংবা তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা জোগানোর মামলা না হওয়া আরও বেশি দুর্ভাগ্যজনক।
প্রথমআলোয় প্রকাশিত খবর থেকে জানা যায়, দরিদ্র হজরত আলীর আট বছরের মেয়ে আয়েশা আক্তার হেরাপটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় প্রভাবশালী পরিবারের সন্তান ফারুক হোসেন তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং ধর্ষণ করেছেন বলে অভিযোগ আছে। হজরত আলী প্রথমে ফারুক হোসেনের বাবার কাছে নালিশ নিয়ে যান। কিন্তু তাঁর কাছে কোনো প্রতিকার না পেয়ে স্থানীয় ইউপি সদস্য এবং থানা-পুলিশের দ্বারস্থ হন। কিন্তু কারও কাছেই প্রতিকার পাননি হজরত আলী। বরং প্রতিকার চাওয়ায় ক্ষুব্ধ ফারুক হোসেন তাঁর একটি গরু নিয়ে গিয়ে জবাই করে খান। এই দুঃখে-অভিমানে হজরত আলী গত শনিবার আট বছরের মেয়েসহ ট্রেনের নিচে আত্মাহুতি দেন।
এটি আত্মহত্যা হলেও প্ররোচনামূলক। কিন্তু পুলিশ ইউপি সদস্যকে নিয়ে টানাটানি করলেও মূল অভিযুক্ত পলাতক। আত্মহত্যার আগে হজরত আলী প্রতিকারের জন্য ইউপি সদস্য এবং থানা-পুলিশ উভয়ের কাছে গিয়েছিলেন। এখন দায়িত্বে অবহেলার কারণে ইউপি সদস্য আটক হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে কেন জবাবদিহির আওতায় আনা হবে না। তার চেয়েও গুরুতর হলো, অভিযুক্ত ফারুক হোসেন ও তাঁর বাবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া। তাহলে সমাজে কি গরিব মানুষের বেঁচে থাকার কিংবা প্রতিকার পাওয়ার কোনো অধিকারই নেই?
ফারুক হোসেনরা যতই ক্ষমতাবান হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন। শিশু ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মতো ঘৃণ্য অপরাধ যে বা যারা করে, তারা মানবতা ও সভ্যতাবিরোধী। অবিলম্বে ফারুককে গ্রেপ্তার করে শিশু ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা—দুই মামলায় তার বিচার করতে হবে। হজরত আলীর মতো কাউকে যাতে আত্মহননের পথ বেছে নিতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য অপরাধীদের শাস্তি দেওয়া জরুরি।