বাবুলের বাহাদুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা রটে তার কিছুটা বটে—এটা পুরাকালের কথা। আধুনিক কালে বড় অপরাধীদের দুষ্কৃতির সামান্যই প্রকাশিত হয়। তবে খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সম্পর্কে যতটুকু রটেছে, তা থেকেই তাঁকে ওই এলাকার ত্রাস ধরে নেওয়া চলে।
ধর্ষণ, অন্তঃসত্ত্বার পেটে লাথি দিয়ে গর্ভের সন্তান হত্যা, কাঠ পাচার, হরিণ শিকার, ঘের দখল, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্রবাজিসহ হেন কোনো অপরাধ নেই; যার অভিযোগ থেকে বাবুল মুক্ত। তাঁর অত্যাচারে সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ইউপি সদস্যদেরও এলাকা ছাড়তে হয়। তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা ও তিনটি জিডি রয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর। গত আগস্টে র্যা ব তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তারও করেছিল। অথচ জামিন নিয়ে তিনি দিব্যি বের হয়ে আসেন। বৃহস্পতিবারের প্রথম আলোয় তাঁর বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাফাই গাওয়া দেখে মনে হয়, তিনি প্রশাসনের ছত্রচ্ছায়ায় আছেন।
এক বাবুলে সবাই কাবুঅভিযোগ রয়েছে, তাঁর বিরুদ্ধে মামলা নেয় না পুলিশ। বাধ্য হয়ে আদালতে মামলা করতে হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বাবুলকে এড়িয়ে চলেন। তাঁকে চাঁদা না দিয়ে ঘের করতে পারেন না কেউ। মূলত চিংড়িঘের লুট এবং কোনো কোনো চিংড়িঘেরের মালিকের ভরসার লোক হওয়াই বাবুলের ক্ষমতার উৎস। স্থানীয় সাংসদেরও অভিযোগ, বাবুল ওপর মহলের আশ্রয়ে রয়েছেন। প্রশ্ন হচ্ছে, তা হলে কেউ কেউ কি আইনের ঊর্ধ্বে।
আজকের দুর্ধর্ষ মাস্তান আগামীকালের গডফাদার; পরশু তিনিই হবেন রাজনীতিবিদ। অনেক ক্ষেত্রে এটাই বাংলাদেশের চলতি রাজনীতির ধারা। এভাবেই চরম দুর্বৃত্তরা আইন-আদালত, সমাজ-রাষ্ট্রকে উপেক্ষা করে ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠে যায়। তখন আরও বেশি ক্ষমতা নিয়ে তারা আরও ভয়ংকর চরিত্র হিসেবে আবির্ভূত হয়।
পাইকগাছার মানুষের শান্তি ও নিরাপত্তার স্বার্থে, অত্যাচারিতদের আহ্বানে সাড়া দিয়ে বাবুলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ও মামলাগুলো বিবেচনায় নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি জরুরি হয়ে পড়েছে।