নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে বিকল পড়ে আছে এক্স-রে মেশিনটি। এতে সেবা নিতে আসা রোগীরা, বিশেষ করে গরিব রোগীরা দুর্ভোগে পড়েছে। জেলা সদরে গিয়ে বেসরকারি ক্লিনিক থেকে তাদের এক্স-রে করাতে হচ্ছে। শুধু এক্স-রে করাতেই তাদের ব্যয় হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি টাকা। এর সঙ্গে যুক্ত হচ্ছে যাতায়াতের খরচ। রোগীদের অভিযোগ, দিনের পর দিন তাদের ভোগান্তি হচ্ছে, অথচ মেশিনটি ঠিক করা হচ্ছে না। এদিকে উপজেলা সিভিল সার্জন জানিয়েছেন, এ ব্যাপারে স্বাস্থ্যসেবা বিভাগকে জানানো হয়েছে। কিন্তু এত বছর ধরে যেটি বিকল হয়ে পড়ে আছে, সেটি সচল করতে আরও কত দিন লেগে যায়, সেটাই এখন বড় প্রশ্ন।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০০৯ সালের মে মাসে একটি এক্স-রে মেশিন বরাদ্দ দেয় স্বাস্থ্যসেবা বিভাগ। দীর্ঘদিন বাক্সবন্দী থাকার পর ২০১২ সালের জানুয়ারি মাসে লোক নিয়োগ হলে মেশিনটি চালু করা হয়। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মেশিনটি বিকল হয়। পরে স্বাস্থ্য বিভাগের ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ) মেশিনটি পরিত্যক্ত ঘোষণা করে। ২০২০ সালের আগস্টে হাসপাতালটির জন্য নতুন একটি অ্যানালগ এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি থাকার কারণে সেটি চালু করা যায়নি।
বারহাট্টা উপজেলায় ১ লাখ ৮৫ হাজারের মতো লোকের বসবাস। এক্স-রে মেশিনটি বিকল থাকায় সেবাবঞ্চিত হচ্ছে তারা। সরকারি হাসপাতালে ডিজিটাল মেশিনে এক্স-রে করাতে প্রতি প্রিন্ট ১৫০ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়। বেসরকারি ক্লিনিকে এ খরচ ৪৮০ টাকার মতো। আবার জেলা সদরে আসা-যাওয়ার ভাড়া সব মিলে খরচ পড়ে যায় হাজার টাকা।
বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিনসংক্রান্ত জটিলতা অন্তত এক যুগের। মাঝে দুই বছরের মতো সেটা সচল ছিল। বছরের পর বছর ধরে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এক্স-রে মেশিন কেন বিকল হয়ে পড়ে থাকে, সেটা অবশ্য রহস্যজনক একটা ঘটনা। জনগণকে সেবাবঞ্চিত রাখা হচ্ছে, কিন্তু এর জবাবদিহি কে করবে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এক্স-রে মেশিনের ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে। এখন তারা পৌনে দুই লাখ মানুষের দুর্ভোগ নিরসনে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।