বার্ধক্য: জীবনসায়াহ্নের অসহায় শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দাদা গান করতেন—‘শৈশবকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙ্গে, বৃদ্ধকাল গেল ভাবিতে চিন্তিতে, মুুর্শিদ পাবি তুই কবে।’ কথা এই যে বৃদ্ধকাল যায় ভাবিতে-চিন্তিতে। ফেলে আসা দীর্ঘ জীবনের ভুল, নাজুক বর্তমান আর সামান্য অবশিষ্ট যে ভবিষ্যৎ, তার অনিশ্চয়তা। ভাবনার তো শেষ নেই। কিন্তু ভেবে তাঁরা বিশেষ কূল-কিনারা করতে পারেন না। কারণ, কূল পাওয়ার কোনো লগি-বৈঠা তাঁদের হাতে নেই। যাঁদের হাতে আছে, তাঁরা বৃদ্ধ নন। ফলে তাঁরা আছেন রঙ্গে। বৃদ্ধকাল নিয়ে ভাবনা-চিন্তা করার অবকাশ তাঁদের কম। কিন্তু সবার জন্য অপেক্ষমাণ অনিবার্য এই বার্ধক্য নিয়ে একটি সামগ্রিক ভাবনা তো সব অর্থেই জরুরি। যে পৃথিবীতে আমরা চলাচল করছি, সেটা তৈরি হয়েছে আমাদের অগ্রজদেরই নানা কর্মকাণ্ডে। আমাদের ভাবতে হবে সেই অগ্রজদের মধ্যে যাঁরা বয়সের কারণে জাগতিক যাবতীয় জঙ্গম কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন, তাঁদের নিয়ে আমরা কী করব? যে বৃদ্ধরা ক্ষমতাবান, বিত্তবান তাঁদের চাওয়া-পাওয়ার হিসাব ভিন্ন। কিন্তু সাধারণ আটপৌরে প্রবীণ প্রজন্মের দাবি সামান্যই। তাঁরা চান একটি নিরাপদ গৃহকোণ, যেখানে থাকবে বিশ্রামের একটু স্থান আর অন্ন-বস্ত্রের নিশ্চয়তা। চান সেই সঙ্গে থাকবে খানিকটা সঙ্গ আর বিনোদন, যাতে তাঁরা নিজেদের পৃথিবীর জীব বলে ভাবতে পারেন। সর্বোপরি চান তাঁর সারা জীবনের অর্জিত অভিজ্ঞতার স্বীকৃতি আর পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার সুযোগ। সামান্য হলেও এসব দাবি পূরণের একটা যথাযথ ব্যবস্থা করা খুব সহজসাধ্য ব্যাপার নয়। বিশেষ করে আমাদের মতো স্বল্প সম্পদের দেশে। বৃদ্ধ জনগোষ্ঠীর প্রবৃদ্ধি পশ্চিমা দেশগুলোতে শুরু হয়েছে অনেক আগেই। ফলে তাঁরা বার্ধক্যের এই দাবিগুলো পূরণের নানা পরিকল্পনা, ব্যবস্থা নিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। এ নিয়ে ওসব দেশে চলছে অবিরাম গবেষণা, নিরীক্ষা। পশ্চিমা দেশগুলোতে বৃদ্ধসেবার একটা প্রধান উপায় হচ্ছে বৃদ্ধাশ্রম। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়ে তাঁরা একেই একটি জুতসই ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে। আমাদের দেশে বৃদ্ধাশ্রম নিয়ে একধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। কলকাতার গায়ক নচিকেতা বৃদ্ধাশ্রম নিয়ে একটি গান গেয়েছেন, যেখান এক ছেলে তার অ্যালসেশিয়ান কুকুরের জায়গা করে দেওয়ার জন্য বাবাকে পাঠিয়েছে বৃদ্ধাশ্রমে। শ্রোতারা চোখের করুণ রসে সিক্ত হয়ে এই গান শোনেন এবং মনে মনে বৃদ্ধাশ্রমকে গালি দেন। কিন্তু অমানবিক ছেলে কিংবা কুটিল ছেলের বউয়ের কারণেই মা-বাবারা সেবা থেকে বঞ্চিত হন। ব্যাপারটা অত সোজাসাপ্টা ভাবার কোনো কারণ নেই। ঘোর আন্তরিকতা থাকা সত্ত্বেও বস্তুগত, কাঠামোগত নানা কারণে আমাদের দেশে অনেক সন্তানের পক্ষে তাঁর মা-বাবার পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হয় না। রাষ্ট্রীয় পর্যায়ে যেহেতু বৃদ্ধদের জন্য সামাজিক নিরাপত্তার কোনো বেষ্টনী নেই, ফলে বার্ধক্য সেবার পুরো দায়িত্ব এসে পড়ে এককভাবে সন্তানদের ওপর। অথচ আর্থসামাজিক কাঠামোর বিবর্তনে যৌথ পরিবার ভেঙে একক পরিবারে থাকতে বাধ্য হয়েছেন যে সন্তান, তীব্র প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতিতে নিজেকে টিকিয়ে রাখতে দিনরাত সংগ্রাম করছেন যে সন্তান, জীবিকার কারণে গ্রাম থেকে শহরে এসে নিজের জন্য মাথা গোঁজার একটা ঠাঁই খুঁজছেন যে সন্তান, পরিবার থেকে হাজার মাইল দূরে কোনো প্রবাসে কাজ করছেন যে সন্তান, তাঁর পক্ষে যাবতীয় আন্তরিকতা সত্ত্বেও নিজের গৃহকোণে মা-বাবার জন্য একটা সেবার আবহ তৈরি করা অসম্ভব। এই পরিবর্তিত পরিস্থিতিতে বৃদ্ধাশ্রম হতে পারে একটা মানবিক বিকল্প। বৃদ্ধাশ্রম বার্ধক্য সেবার সর্বোৎকৃষ্ট ব্যবস্থা হয়তো নয়। কিন্তু অমানবিকতার দোহাই দিয়ে একটি বিকল্প ব্যবস্থা হিসেবেও বৃদ্ধাশ্রমকে বিবেচনা না করার কোনো কারণ আছে বলে মনে করি না। বাংলাদেশে বেসরকারি উদ্যোগে কিছু বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু গণমাধ্যমে প্রায়ই দেখি এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া সদস্যদের নেহাতই হতভাগ্য, সন্তানের অবহেলার শিকার, অসহায় এক জীব হিসেবে উপস্থাপন করা হয়। আর বৃদ্ধাশ্রমমাত্রই হাড় জিরজিরে ভুতুড়ে কিছু বৃদ্ধের করুণ, বিষণ্ন এক ঘেরাটোপ, তা তো নয়। পশ্চিমের একাধিক বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেছি, সেখানে রয়েছে নানা কর্মকাণ্ড, খেলাধুলা, আমোদ-আহ্লাদের ব্যবস্থা। তাঁদের সামাজিক মূল স্রোতে যুক্ত রাখারও রয়েছে নানা প্রক্রিয়া। দেশীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতা মিলিয়ে আমাদের দেশেও গড়ে উঠতে পারে আধুনিক বৃদ্ধাশ্রম। তবে পশ্চিমে বিবিধ ঐতিহাসিক এবং সামাজিক প্রক্রিয়ায় পারিবারিক কাঠামোর ভেতর বৃদ্ধ মানুষের সেবা দেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আমাদের দেশে অবস্থাটা তেমন নয়। পারিবারিক পরিমণ্ডলে বার্ধক্য সেবা দেওয়ার সুযোগ এখনো আছে আমাদের দেশে। শারীরিকভাবে সক্ষম বয়স্ক বাবা-মা আমাদের দেশে নানা পারিবারিক ভূমিকা রাখেন। বাংলাদেশের বহু মেয়ে কর্মক্ষেত্রে আসার সুযোগ পেয়েছেন তাঁদের সন্তানদের লালন-পালন, স্কুলে আনা-নেওয়া ইত্যাদি জরুরি দায়িত্ব তাঁদের বয়স্ক মা-বাবা নিয়েছেন বলেই। কিন্তু বাবা-মা যখন শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন, তখন বিষয়টি হয়ে পড়ে জটিল। সাধারণভাবে অক্ষম বৃদ্ধের সেবার দায়িত্ব বর্তায় পরিবারের নারী সদস্যদের ওপর। প্রায়ই ছেলের বউ, কখনো মেয়ে, সক্ষম থাকলে স্ত্রী। সে কারণে অনেক ক্ষেত্রেই তাঁদের বিসর্জন দিতে হয় নিজস্ব পেশা, ব্যক্তিগত সাধ-আহ্লাদ। ছেলের বউয়ের জন্য ব্যাপারটা আরও জটিল হয়ে দাঁড়ায়। কারণ, তাঁকে তাঁর শ্বশুরবাড়ির এক ব্যাপক পরিমণ্ডলে অবিরাম মানবিকতা আর নিষ্ঠার পরীক্ষা দিয়ে যেতে হয়। বলা বাহুল্য, সে পরীক্ষায় কৃতকার্য হওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রেও একটা পেশাদারির সমন্বয় যদি ঘটানো যায়, তা হলে ব্যাপারটা সহজ হয়ে উঠতে পারে অনেকটাই। ঘরের পরিমণ্ডলেই অক্ষম বৃদ্ধ মানুষের দায়িত্ব দেওয়া যেতে পারে কোনো পেশাদারির হাতে। কাজের বুয়া বা কোনো বেকার আত্মীয় দিয়ে বৃদ্ধ মা-বাবার সেবা নয়, প্রশিক্ষিত কারও দ্বারা সেই সেবা দেওয়া যেতে পারে। বার্ধক্য সেবা একটি বিজ্ঞান। সামান্য কিছু প্রশিক্ষণ দিয়ে একটা নতুন পেশাজীবী তৈরি করা যায় দেশে। পূর্ব-পশ্চিমের অনেক দেশে এমন আছে। এতে আমাদের অসংখ্য বেকার তরুণ-তরুণীর একটা কর্মসংস্থানও হতে পারে। সন্দেহ নেই এ ধরনের একজন পেশাজীবী নিয়োগ দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু যাঁদের সামর্থ্য আছে, তাঁদের জন্য এমন একটা সুযোগ থাকা উচিত। বিশেষ করে লাখ লাখ প্রবাসী দেশে ফেলে আসা তাঁদের নিঃসঙ্গ মা-বাবার সেবার দায়িত্ব কোনো পেশাদারের হাতে দিতে পেরে খুশিই হবেন বলে মনে করি। সেই সূত্রে এটা হয়ে উঠবে অনেকের উপার্জনের উৎস। তবে এ ক্ষেত্রে কারও কারও নৈতিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। প্রশ্ন জাগতে পারে ভালোবাসা এবং সেবাকে কি পৃথক করা যায়? কিন্তু মা-বাবা বা স্বামীর সেবার দায়িত্ব একজন পেশাদারের হাতে তুলে দিলে তাঁদের প্রতি ভালোবাসার কমতি ঘটে, সেটা ভাবার কোনো কারণ তো দেখি না। এভাবে আমাদের দেশীয় পরিস্থিতির সঙ্গে মিলিয়ে বার্ধক্য সেবার নানা উদ্ভাবনী উপায় আমাদের খুঁজে পেতে হবে। যে উপায় নগরে খাটবে, গ্রামীণ প্রেক্ষাপটে হয়তো তা খাটবে না। সেখানে প্রয়োজন পড়বে বয়স্ক ভাতা, ঋণ ইত্যাদি ব্যবস্থার। গড়ে তুলতে হবে বৃদ্ধদের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্র। সর্বোপরি গ্রাম-শহরনির্বিশেষে গড়ে তুলতে হবে বয়স্ক মানুষের প্রতি ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি। বৃদ্ধকাল যেন শুধু ভাবিতে-চিন্তিতে না যায়, তার একটি বাস্তবিক, দূরদৃষ্টিসম্পন্ন যথার্থ পরিকল্পনা করতে হবে আমাদেরই। বৃদ্ধ মানুষ জীবনসায়াহ্নে এসে আবার হয়ে ওঠে এক অসহায় শিশু। লেখক সিলভারস্টেইনের কথা ধার করে শেষ করি: ছোট্ট ছেলে বলছে—জানো, প্রায়ই আমার হাত থেকে চামচ পড়ে যায়। বৃদ্ধ বলেন—আমারও তো। ছোট্ট ছেলে বৃদ্ধের কানে কানে বলে—জানো, আমি মাঝেমধ্যে প্যান্টে হিসু করে দিই। বৃদ্ধ হেসে বলেন—আমিও। ছোট্ট ছেলে বলে—আমি প্রায়ই কাঁদি। বৃদ্ধ মাথা নেড়ে বলেন—আমিও তো। ছোট্ট ছেলে বলে—কিন্তু বড়রা কেউ তো আমার দিকে খেয়ালই করে না। বৃদ্ধ তাঁর কোঁকড়ানো চামড়ার হাতে টেনে নেয় ছোট্ট হাত। বলেন—আমার দিকেও না। শাহাদুজ্জামান: কথাসাহিত্যিক।[email protected]