ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট যে বাংলাদেশের এক বিরল বৈশিষ্ট্যের চিকিৎসাপ্রতিষ্ঠান, তা নিদারুণভাবে প্রমাণিত হয়েছিল ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। অগ্নিদগ্ধ নিহত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছিল ১২৩, কিন্তু সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারত, যদি বার্ন ইউনিট না থাকত, যদি সেখানকার চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা পোড়া রোগীদের প্রাণ বাঁচানোর চেষ্টায় দিন-রাত চব্বিশ ঘণ্টা ব্যস্ত না থাকতেন। বার্ন ইউনিটের সেই অবদানের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছিল।কিন্তু বার্ন ইউনিটের আসলে পোড়া কপাল! এটি ১০ বছর ধরে চলছে একটি প্রকল্প হিসেবে। এর জন্য বরাদ্দ অর্থ কম, ওষুধের জোগান অপ্রতুল। এখানে কর্মরত চিকিৎসকেরা নিয়মিত বেতন পান না, কর্মচারীদের ৩৭ জন কোনো বেতনই পান না। অথচ আগুনে পোড়া, অ্যাসিডে ঝলসানো, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ রোগীদের একমাত্র পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র এটিই। এর শয্যাসংখ্যা ৫০, কিন্তু সব সময়ই এখানে রোগী ভর্তি থাকে প্রায় ৩০০; জরুরি ও বহির্বিভাগে চিকিৎসার জন্য আসে প্রায় আড়াই শ পোড়া রোগী। নিমতলীতে অগ্নিকাণ্ডের পর এখানে রোগীর ভিড় আকস্মিকভাবে অত্যধিক বেড়ে গেলে যে চাপ সৃষ্টি হয়, তা সামাল দিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাড়তি চিকিৎসক ও সেবক-সেবিকা এসে দিন-রাত পরিশ্রম করেন। সে সময় বার্ন ইউনিটের শয্যাসংখ্যা ও লোকবল বাড়ানো, আধুনিক যন্ত্রপাতি আনার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। ২০১১ সালের মার্চে বার্ন ইউনিটকে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। কিন্তু দুই বছরেও তার সুফল ফলেনি।জানা যায়, বার্ন ইউনিটের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণের প্রধান কারণ রাজনৈতিক। এই প্রকল্পের লোকবল নিয়োগ করা হয়েছে ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে। তাই সরকারের ধারণা, তাঁরা চারদলীয় জোটের সমর্থক। কিন্তু এটা যুক্তি হতে পারে না। বার্ন ইউনিটকে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে এর সামর্থ্য বাড়ানো জরুরি জাতির স্বার্থে; দলীয় রাজনৈতিক স্বার্থ এখানে বিবেচ্য হতে পারে না।