চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে দৈনিক ১৬ লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে। অথচ জেলা প্রশাসন বলছে, চাঁদপুরে কাউকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি। এমনকি চাঁদপুরের আটটি বালুমহালের ওপর হাইকোর্ট ২০০৭ সাল নানা রকম স্থগিতাদেশ দিয়ে আসছেন। কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের তিন নেতা মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে বালু তুলছেন। যে কারণে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁদপুর শহর ও হাইমচর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়ে গেছে।
আওয়ামী লীগের ওই তিন নেতার একজন সেলিম খান দাবি করেছেন, হাইকোর্টে তাঁর একটি রিট রয়েছে। কিন্তু তিনি এ–বিষয়ক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে অর্থদণ্ড দিচ্ছে, কাউকে কাউকে সাজাও দিচ্ছে। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নেই।
এই বালু উত্তোলনের মাধ্যমে একদল মানুষ অবৈধভাবে টাকা কামাচ্ছেন, সরকার যার রাজস্ব পাচ্ছে না। আবার এ কারণে প্রকৃতিরও ক্ষতি হচ্ছে। বালু উত্তোলনের একটি নির্দিষ্ট মাত্রা আছে। বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি বিভাগের জরিপ ও নকশা ছাড়া কেউ বালু তুলতে পারে না। কিন্তু হাইকোর্টের নির্দেশনার নামে এসব নিয়মকানুনের তোয়াক্কা না করে বালু তোলা হচ্ছে।
চাঁদপুর এমনিতেই ভাঙনপ্রবণ এলাকা, তার সঙ্গে তো জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি আছেই। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হয় তবে এর জন্য চরম মূল্য দিতে হবে। গুটি কয়েক লোকের স্বার্থসিদ্ধির জন্য এত বড় ঝুঁকি ও সর্বনাশ মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।
অবিলম্বে এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। বালু উত্তোলনকে নিয়মকানুনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রশাসনের কেউ এই চক্রের সঙ্গে জড়িত থেকে সুযোগ-সুবিধা নিচ্ছে কি না, সেটা তদন্ত করে বের করতে হবে।