বালুদস্যুতা ও একটি শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ নেতারা অবৈধভাবে তুলছিলেন বালু। গ্রামবাসী করেছিলেন মামলা, করেছিলেন প্রতিবাদ। পুলিশ এসেছিল; তবে বালুদস্যু ধরতে নয়, প্রতিবাদীদের ধরতে। তা নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। মাঝখান থেকে আহত হয়ে প্রাণ হারাল পাঁচ মাসের এক শিশু। ঘটনা এত দূর গড়াল সুনিশ্চিতভাবে পুলিশের পক্ষপাতের কারণে। বালুদস্যু ছাত্রলীগ নেতারা এবং পুলিশের গাফিলতির বিহিত হোক। কিন্তু করবে কে? অবস্থাদৃষ্টে মনে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ কর্তৃপক্ষের ওপর ভরসা রাখা কঠিন।
পাঁচ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু বেদনাদায়ক। এ ঘটনাতেও দেখা গেল, জনগণকে বিভিন্নভাবেই লুটপাটের শিকার হতে হয়। কখনো সম্পদের বিনিময়ে, কখনো জীবনের দামে। হবিগঞ্জের সদর উপজেলার খোয়াই নদ থেকে বালু
উত্তোলনে ক্ষতি হচ্ছিল মশাজান-নোয়াবাদ গ্রামের কৃষিজমির। তাই কৃষকেরা থানায় মামলা করেছিলেন, স্থানীয়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তখন আসেনি। পুলিশ এসেছে খোদ বালুদস্যুরা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করার পর। এটা তো বাংলাদেশের কায়েমি শক্তির চিরাচরিত কৌশল। প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ লেলিয়ে তাঁদের শায়েস্তা করা। বাধা দিতে গেলে ঘটছে আরও রক্তপাত।
কিন্তু গ্রামবাসী তাঁদের পক্ষের মানুষের অন্যায় মামলার শিকার হতে দিতে চাননি। তাই তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন। এ থেকে বালুদস্যুদের দালালদের সঙ্গে সংঘাতের কারণে প্রাণ গেল আম্বর আলী নামে এক ব্যক্তির পাঁচ মাস বয়সী শিশুর।
সারা দেশে নদী থেকে বালু, পাহাড় থেকে মাটি, বন থেকে কাঠ লুটে নেওয়ার মহা উৎসব চলছে। পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া এসবের কিছুই চলতে পারার কথা নয়। এ হলে কীভাবে দেশ বাঁচবে, মানুষ
বিপদে সহায় পাবে, আইনের শাসন থাকবে দেশে? এই অন্যায়-অনাচারের কি কোনো শেষ নেই?