করোনাকালে জনজীবনে যে অর্থনৈতিক অভিঘাত সৃষ্টি হয়েছে, সেটি দৃশ্যমান। হঠাৎ করে কাজ হারানো অভাবী মানুষকে সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থা সহায়তাও করছে; যদিও তা প্রয়োজনের তুলনায় কম। কিন্তু সামাজিক ক্ষেত্রে যেসব অভিঘাত তৈরি করেছে, সেটি ততটা দৃশ্যমান না হওয়ায় অনেকের নজরের বাইরেই থেকে যাচ্ছে। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন সে রকমই উদ্বেগজনক ঘটনা।
স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজিএফ) জরিপমতে, জুন মাসে শিশু নির্যাতন ও বাল্যবিবাহের হার গত এপ্রিল ও মে মাসের তুলনায় বেড়েছে। জুনে ৪৬২টি কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়। ২০৭টি বাল্যবিবাহ বন্ধ সম্ভব হয়েছে। মে মাসে বাল্যবিবাহের সংখ্যা ছিল ১৭০টি। বন্ধ করা হয়েছে ২৩৩টি। অর্থাৎ এক মাসে বাল্যবিবাহ বেড়েছে ২৯২টি। অন্যদিকে একই সময়ে ২ হাজার ৮৯৬টি শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। মে মাসে নির্যাতনের এই সংখ্যা ছিল ২ হাজার ১৭১। করোনাকালে নারী ও শিশুরা কেমন আছে তা জানার জন্য মানুষের জন্য ফাউন্ডেশন এপ্রিল থেকে টেলিফোনের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ করে আসছে। এটি ভালো উদ্যোগ।
করোনাকালে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার কারণ কী? ব্র্যাকের গবেষণায় বলা হয়, ৮৭ শতাংশ বাল্যবিবাহ হচ্ছে মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কারণে। ৭১ শতাংশ বাল্যবিবাহ হচ্ছে স্কুল বন্ধ থাকার সুযোগে। আর ৬২ শতাংশ ক্ষেত্রে অভিভাবক মেয়ের বিয়ে দিচ্ছেন প্রবাসী ভালো পাত্র পাওয়া গেছে, এই যুক্তি দেখিয়ে।
কারণ যা–ই হোক, বাল্যবিবাহ একটি গুরুতর অপরাধ। যে অল্প বয়স্ক ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া হয়, তারা অপরাধী নয়। অপরাধী হলেন অভিভাবক ও কাজি, যঁারা সেই বিয়ের ব্যবস্থা করেন। মা–বাবা অসচেতন বলে অনেক সময় অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে ভারমুক্ত হতে চান। কিন্তু এর মাধ্যমে তাঁরা যে আসলে মেয়ের সর্বনাশ করলেন, সেটি ভাবেন না। এর প্রতিকারে পাড়া প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আরও উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে নেওয়া হয়।
কিন্তু করোনাকালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এর মোকাবিলা ও ত্রাণসামগ্রী বিতরণ কাজে ব্যস্ত থাকছে। এ কারণে নাকি বাল্যবিবাহের দিকে নজর দিতে পারছে না। এটি খোঁড়া অজুহাত। তাদের অবশ্যই এই গুরুতর সামাজিক ব্যাধি ও অপরাধের প্রতি নজর দিতে হবে। ‘আমাদের জানানো হয়নি’ বলে প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব এড়াতে পারেন না।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে যে প্রকল্প আছে, এর দায়িত্বপ্রাপ্তদের কাছেও সক্রিয় ভূমিকা প্রত্যাশিত। স্থানীয় প্রশাসনের কাছ থেকে তঁারা সব সময় সঠিক তথ্য পাবেন না। অতএব, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্রসহ বেসরকারি সংস্থাগুলোর তথ্য-উপাত্ত আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে যেটুকু সাফল্য এসেছে, তাকে কোনোভাবে নস্যাৎ হতে দেওয়া যাবে না।
সরকারের অঙ্গীকার ছিল ২০৩০ সাল নাগাদ বাল্যবিবাহ শূন্যের কোঠায় নিয়ে আসা। হাতে বেশি সময় নেই। অতএব, এখনই জেগে ওঠার সময়। ‘একটি বাল্যবিবাহও হতে দেব না’, এই ব্রত নিয়েই প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।
কন্যাশিশু ও কিশোরী মেয়েদের সামাজিক নিরাপত্তা বিধানে চলতি অর্থবছরে নির্দিষ্ট বরাদ্দ না রাখাও দুর্ভাগ্যজনক। যদি সরকার সত্যি সত্যি লক্ষ্য অর্জন করতে চায়, তাহলে অপ্রয়োজনীয় ও বিলাসী প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে হলেও এ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া জরুরি।