বাল্যবিবাহ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের কুফল বলে শেষ করা যাবে না। বাল্যবিবাহ একটি মেয়েশিশুর জীবনের ঝুঁকি বাড়ায়, তার সুষ্ঠু বিকাশকে বাধাগ্রস্ত করে, তার শিক্ষার অধিকারকে হরণ করে, সে অপুষ্ট ও অপরিণত সন্তানের জন্ম দেয়, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে না। ফলে দেশের সামগ্রিক উন্নয়নেও তা বাধার সৃষ্টি করছে।

বিশেষজ্ঞদের মতে, বাল্যবিবাহের এক নম্বর কারণ দারিদ্র্য আর দুই নম্বর কারণ নিরাপত্তাহীনতা। শিক্ষা ও সচেতনতার অভাবও বাল্যবিবাহের পেছনে নিয়ামক হিসেবে কাজ করছে। তবে দুর্বল আইন ও আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণেও যে বাল্যবিবাহ হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।

এ বছরই জাতীয় সংসদে ‘বাল্যবিবাহ নিরোধ বিল ২০১৭’ পাস করা হয়েছে। এই বিলে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর রাখা হলেও তা লঙ্ঘনের সুযোগও রাখা হয়েছে যথেষ্ট। এতে বলা হয়েছে, বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কদের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশনাক্রমে এবং মাতা-পিতা ও অভিভাবকের সম্মতিক্রমে বিয়ে হলে অপরাধ বলে গণ্য হবে না। বাল্যবিবাহ নিরোধ আইনেই যদি বাল্যবিবাহের সুযোগ রাখা হয়, তাহলে এ দেশে বাল্যবিবাহ কীভাবে রোধ হবে?

তবে আশার আলোও আছে। অনেক কিশোরী আজকাল নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকাচ্ছে। বরগুনা জেলার বরগুনা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাজেদা আক্তার স্বতঃপ্রণোদিত হয়ে এ পর্যন্ত ১০৭টি বাল্যবিবাহ রোধ করেছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঘাসফুল নামের একটি সংগঠনের সদস্যরা ১৩টি বাল্যবিবাহ রোধ করেছে। পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নামের একটি বেসরকারি সংস্থা চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ১৬টি ইউনিয়নে ২০টি বাল্যবিবাহ রোধ করেছে। এ রকম আরও নানা উদ্যোগ রয়েছে।

এ রকম উদ্যোগ যদি অব্যাহত থাকে, তাহলে এ দেশে বাল্যবিবাহ পর্যায়ক্রমে কমিয়ে আনা যাবে। তবে এ জন্য জনগণের সচেতনতার বিষয়টি খুবই জরুরি। ফলে জনগণকে সচেতন করার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, গণমাধ্যমসহ সবাইকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষা বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে মেয়েদের শিক্ষার ওপর বেশি জোর দিতে হবে। তারা যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।