বাল্যবিবাহ নিরোধ আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগেও সরকার মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে পিছু হটে। এবারে ‘সর্বোত্তম স্বার্থে’ আদালতের নির্দেশ ও বাবা-মায়ের অনুমতি নিয়ে আঠারোর কমে মেয়েদের বিয়ের বিধান রাখা হয়েছে। যদি আইনের উদ্দেশ্য হয় বাল্যবিবাহ নিরোধ, তাহলে এই বিশেষ ধারা রাখার কোনো যুক্তি নেই। নারীনেত্রীরাও বলেছেন, বিশেষ ধারা রাখা হলে আইনের অপব্যবহার হবে। ব্যতিক্রমকে আইনসিদ্ধ করলে সেটি আর ব্যতিক্রম থাকবে না।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বেড়েছে, বাল্যবিবাহের হারও কমছে। কিন্তু আইনের খসড়া দেখে মনে হয় না এ ব্যাপারে সরকারের সচেতনতা বেড়েছে। বাল্যবিবাহ নিরোধই যদি সরকারের উদ্দেশ্য হয়, তাহলে আইনে বিশেষ ধারা যুক্ত করার নামে মেয়েদের বিয়ের বয়স কমানোর ভ্রান্ত চিন্তা বাদ দিতে হবে; বরং যাতে কোনো অবস্থায় কেউ ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে দিতে না পারেন, সে জন্য নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

প্রথমআলোরপ্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘আঠারোর আগে বিয়ে নয়’ স্লোগানটি জনপ্রিয় করার তাগিদ দিয়েছেন। ঝালকাঠির সাহসী কিশোরী শারমিন আক্তার বাল্যবিবাহ শব্দটি বাংলাদেশ থেকে মুছে ফেলার কথা বলেছে। তাদের বক্তব্যের প্রতিধ্বনি তুলে আমরাও বলতে চাই, আইনের বিশেষ ধারা বাতিল করেই আইনটি সংসদে পাস করা হোক। অন্যথায় বাল্যবিবাহ বন্ধ করা যাবে না।