সুপ্রিম কোর্টের মাইলফলক পরিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার ও নারী অধিকার রক্ষায় সোচ্চার সংগঠনগুলো বিয়ের ন্যূনতম বয়স শিথিল করার বিধান যুক্ত করার সর্বাত্মক বিরোধিতা করেছিল। কিন্তু সব প্রতিবাদ ও উদ্বেগ উপেক্ষা করে সংসদ আইনটি পাস করার পর গণমাধ্যমে খবর আসতে শুরু করে যে বিচারিক আদালতের অনুমোদন সাপেক্ষে বাল্যবিবাহের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এই প্রবণতা অঙ্কুরেই বিনাশ না করা হলে তা একদিন মহিরুহ হয়ে ডালপালা বিস্তার করবে। আমরা অবশ্যই ওই বিধানটি বাতিল হবে, সেই আশা করেই যাব। কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্টের পরিপত্রটি একটি কার্যকর রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।

আদালতের পরিপত্রে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নজরে এসেছে যে কোনো কোনো আদালত বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারায় অপ্রাপ্তবয়স্কের বিবাহ অনুষ্ঠানের আবেদন বা কার্যধারাসমূহ অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণে কোনো প্রকার তদন্ত বা অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন ছাড়াই বাল্যবিবাহের অনুমতি প্রদান করছেন।

সত্যি বলতে কি, আমরা সুপ্রিম কোর্টের এই পরিপত্রকে স্বাগত জানানোর পাশাপাশি এটাও নিবেদন করব যে অব্যাহত তদারকি এবং তদন্তের বিধান প্রতিপালন না করাকে গোড়া থেকেই গুরুতর অসদাচরণ গণ্য করা এবং সে অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় বিচার বিভাগীয় সম্মেলনের আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।

আলোচ্য আইনে তদন্তের যে শর্ত আরোপ করা হয়েছে, তা মন্দের ভালো। নিতান্ত ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় আদালতের দায়িত্বে বাল্যবিবাহের অনুমতি দেওয়া হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য হলো বাল্যবিবাহকে সর্বতোভাবে নিরুৎসাহিত বা নিষিদ্ধ রাখা। সে কারণে আমরা সরেজমিন তদন্ত এবং উপযুক্ত কারণসংবলিত কোনো ব্যাখ্যা ব্যতিরেকে এ বিষয়ে কোনো বিচারিক আদেশ কল্পনা করতে পারি না। কারণ, তা কোনো আইনসংগত বৈধ আদেশ বলে গণ্য হওয়ার উপায় নেই।

আমরা সুপ্রিম কোর্টের এই অভিমতের সঙ্গে একমত যে আইন দ্বারা আরোপিত শর্ত পূরণ না হওয়ায় আইন তৈরির উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে এবং অপ্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর স্বার্থ বিঘ্নিত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।