বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে ইদানীং কিছু আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি কয়েকটি ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে; যেখানে দেখা যাচ্ছে, কিশোরী মেয়েরাই নিজেদের কিংবা তাদের সাথিদের বাল্যবিবাহ ঠেকিয়ে দিচ্ছে। ঝালকাঠির রাজাপুরের কিশোরী শারমিন আক্তার নিজের বাল্যবিবাহ ঠেকাতে মায়ের বিরুদ্ধে মামলা করে সফল হয়েছে। এ জন্য সে স্বদেশে ও বিদেশে পুরস্কৃতও হয়েছে। তার সাহসিকতার কাহিনি প্রথমআলোয় প্রকাশিত হওয়ার পর আরও কিছু উৎসাহব্যঞ্জক ঘটনা ঘটেছে।

যেমন ত্রিশালের এক মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার তার এক শিক্ষকের সাহায্য নিয়ে নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করেছে। তার বাবা যখন তার বিয়ের বন্দোবস্ত করেছিলেন, তখন সে বুদ্ধি খাটিয়ে ওই শিক্ষককে ফোন করে, শিক্ষক ফোন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। তিনি সোনিয়ার বিয়ে ভেঙে দেন এবং দুটি জামাও কিনে দেন।

আর ময়মনসিংহের নান্দাইলের একটি বিদ্যালয়ের সাত ছাত্রী মিলে ঘাসফুল নামে যে সংগঠন করে বাল্যবিবাহ প্রতিরোধের আন্দোলনে নেমেছে, তা এক দারুণ সাড়া জাগানো ঘটনা। তারা ইতিমধ্যে তিনটি বাল্যবিবাহ ঠেকিয়েছে। এ ছাড়া টাঙ্গাইল ও নীলফামারীতে সম্প্রতি দুটি বাল্যবিবাহ বন্ধ করেছেন দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিদ্যালয় কিংবা মাদ্রাসার শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাল্যবিবাহ প্রতিরোধে এভাবে এগিয়ে আসা বেশ তাৎপর্যপূর্ণ। এর ইতিবাচক প্রভাব সমাজে ছড়িয়ে পড়বে।

বাল্যবিবাহের বিরুদ্ধে এসব প্রতিরোধমূলক ঘটনার সংখ্যা অপেক্ষাকৃত কম। উল্টো চিত্রটি অনেক বড়: দেশের আনাচকানাচে এখনো বাল্যবিবাহ অব্যাহত আছে; সব খবর সংবাদমাধ্যমের দৃষ্টিগোচর হচ্ছে না। বাল্যবিবাহ ঠেকাতে না পেরে যখন কোনো কিশোরী আত্মহত্যার পথ বেছে নেয়, তখন তা সংবাদ শিরোনাম হয়। জয়পুরহাটের আক্কেলপুরে তেমনই একটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেল।

বাল্যবিবাহের প্রধান কারণ অভিভাবকদের মানসিকতা। মা-বাবা যত দিন বুঝবেন না যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার বিরাট ক্ষতিসাধন করা হয়, তত দিন বাল্যবিবাহ বন্ধ করা কঠিন। তাই পারিবারিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। প্রয়োজন আইনের বিশেষ বিধান বাতিল করা। আর এসব সামাজিক আন্দোলনে সেগুলো অর্জন সম্ভব হবে—সেটাই প্রত্যাশা।