কোনো জেলা বা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা দেওয়ার জন্য কয়েকটি মাপকাঠি বা পালনীয় শর্ত রয়েছে। কিন্তু সব শর্ত পুরোপুরি না মেনে একের পর এক জেলা, উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হচ্ছে। উন্নতির পরিসংখ্যান যদি বাস্তবতায় প্রতিফলিত না হয়, তবে তা বুমেরাং হতে বাধ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) পক্ষ থেকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা দেওয়ার জন্য বেশ কয়েকটি মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব মাপকাঠির মধ্যে রয়েছে জেলা-উপজেলাকে যে সময় বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে, তার আগের কমপক্ষে তিন বছরের বিবাহ নিবন্ধনের সংখ্যা পর্যালোচনা করা এবং কোনো বাল্যবিবাহ হয়নি, তা নিশ্চিত করা। ঘোষণার আগের দুই বছরে হাসপাতাল বা ক্লিনিকে ১৯ বছর বয়সের নিচে কত মা সন্তান জন্ম দিয়েছেন, তার তথ্য থাকতে হবে। জেলা-উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার ঝরে পড়া ছাত্রীদের সংখ্যা নিরূপণ এবং তাদের বিয়ে না–হওয়ার তথ্য থাকতে হবে।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এসব শর্ত পুরোপুরি না মেনেই জেলা বা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত বলে ঘোষণা করা হচ্ছে। জিআইইউর নিয়ম অনুযায়ী, একবার ঘোষণা দেওয়া হলে সেখানে আর বাল্যবিবাহ হতে পারবে না। কিন্তু প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাল্যবিবাহমুক্ত জেলা বা উপজেলায় বাল্যবিবাহ হচ্ছে। বাল্যবিবাহ ঠেকানোর জন্য অনেক জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।
কোনো জেলায় বাল্যবিবাহ চালু থাকার মেধ্যই সেই জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার মধ্যে আসলে কোনো বাহাদুরি নেই। এর মাধ্যমে চমক দেওয়া যেতে পারে কিন্তু মেকি কৃতিত্ব দাবি প্রতারণা ছাড়া আর কিছু নয়। এভাবে অবাস্তব সাফল্যের বানোয়াট পরিসংখ্যানই তৈরি হয়, সমাজের অগ্রগতি হয় না। ঘোষণার চেয়ে বেশি প্রয়োজন বাল্যবিবাহ রোধ করার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক লাগাতার তৎপরতা। আমরা আশা করি সংশ্লিষ্ট সবাই এই দিকটিতে নজর দেবেন।