যখন বাল্যবিবাহের অনাচার ভয়ংকর সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে এবং হাজার হাজার মেয়ের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তখন হবিগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা অত্যন্ত আশা–জাগানো ঘটনা। গত রোববার আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসন এই ঘোষণা দেওয়ার পাশাপাশি ‘কন্যাশিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ স্লোগান নিয়ে শহরে একটি শোভাযাত্রাও বের করে। আমরা এ জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
যেকোনো বড় উদ্যোগে যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি, সেটি ধারণা করি হবিগঞ্জ জেলা প্রশাসন উপলব্ধি করেছে। রোববার হবিগঞ্জের নিমতলায় অনুষ্ঠিত সমাবেশে জেলার আট উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সমাজসেবা কর্মকর্তা, কাজিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক একজন নারী। এ কারণেই তিনি বাল্যবিবাহের সামাজিক, পারিবারিক ও মানবিক বিপর্যয়টি অনুধাবন করেছেন এবং প্রতিকারে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। জেলা প্রশাসন বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচার চালিয়েই দায়িত্ব শেষ করেনি; তারা গত দেড় বছরে ৫৭টি বাল্যবিবাহ বন্ধ করেছে, বাল্যবিবাহ পড়ানোর দায়ে একজন কাজিকে কারাদণ্ড ও পাঁচজনকে জরিমানা করেছে, যাঁদের মধ্যে কাজি ও বাল্যবিবাহের শিকার বরের বাবাও রয়েছেন।
মনে রাখতে হবে যে বাল্যবিবাহের পেছনে আর্থিক, সামাজিক, পারিবারিক ও নিরাপত্তাজনিত কারণ আছে। সেই কারণগুলো দূর না করে কেবল জনসচেতনতা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। বিদ্যালয় থেকে মেয়েশিশুদের ঝরে পড়া রোধ করতে সরকার উপবৃত্তি ও বিদ্যালয়ে দুপুরের খাবার সরবরাহ করছে। এসব ভালো উদ্যোগ। কিন্তু তাদের নিরাপত্তার বিষয়টি এখনো উপেক্ষিত। নারীর ওপর সহিংসতাকারীরা যখন ধরাছোঁয়ার বাইরে থাকে, তখন অনেক মা–বাবাই শঙ্কিত হয়ে পড়েন এবং অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে প্রতিকার খোঁজেন। আইনের যথাযথ ও দ্রুত প্রয়োগের মাধ্যমেই নারী নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে চলেছে। শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমেছে। শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। তাহলে বাল্যবিবাহের অভিশাপ থেকে কেন তাদের মুক্ত করা যাবে না? হবিগঞ্জের জেলা প্রশাসনের সাফল্য দেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক। কেবল হবিগঞ্জ নয়, দেশের সব জেলা বাল্যবিবাহের আঁধার পেরিয়ে আলোয় উদ্ভাসিত হোক।