দেশে বেশির ভাগ সড়ক দুর্ঘটনায় পতিত হয় বাস ও ট্রাক। এবং বেশির ভাগ বাস-ট্রাকের কাঠামোই ঝুঁকিপূর্ণ। চালকের অযোগ্যতা ও অসতর্কতা যদি হয় সড়ক দুর্ঘটনার ব্যক্তিক কারণ, তবে এই অবকাঠামোগত ত্রুটি হলো নৈর্ব্যক্তিক কারণ। আর এ কারণে নিয়মিতভাবে হাজারো মানুষ প্রাণ হারাচ্ছে এবং পঙ্গু হয়ে যাচ্ছে। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলেও বাস্তবায়ন করা হচ্ছে না।
মোটরযান তৈরির সময়ই এর জন্য উপযোগী আকারের নির্দেশনা দেওয়া থাকে। মোটরযান আইন অনুসারে, মূল কাঠামো বা আকৃতি পরিবর্তন অবৈধ। কিন্তু অধিকাংশ বাস-ট্রাকের মালিকই এই বৈজ্ঞানিক নির্দেশনা ও ঝুঁকি প্রতিরোধী আইন মানছেন না। ট্রাকের সামনে-পেছনে লাগানো হয়েছে অতিরিক্ত বাম্পার। বেশি মাল পরিবহনের উদ্দেশ্যে চেসিস বা কাঠামোর ধারণক্ষমতার বাইরে লম্বা, চওড়া ও উঁচু করা হচ্ছে পেছনটা। ট্রাকগুলোর পাশে লাগানো হয়েছে তিন কোনা লোহার পাত। কাভার্ড ভ্যানের চালকের কেবিনের চেয়ে মালামাল পরিবহনের অংশ চওড়া করে বহনক্ষমতা তিন গুণ পর্যন্ত বেশি করা হয়ে থাকে। একই পরিবর্তন করা হয় বাসের কাঠামোতেও। আসনসংখ্যা বাড়ানোর জন্য মূল কাঠামো (বডি) লম্বা ও চওড়া করা হচ্ছে।
এভাবে আকৃতির বদল ও ধারণক্ষমতার চেয়ে বড় করার কারণে এই বাহনগুলো ভারসাম্য হারানো অবস্থায় উচ্চগতিতে চলছে। এ কারণেই দুর্ঘটনার মাত্রা ও এর ভয়াবহতা অনেক বেড়ে চলেছে। এই ফল জানা সত্ত্বেও বিআরটিএ এতকাল দেদার এসব বাহনকে ফিটনেস সার্টিফিকেট দিয়ে এসেছে। এভাবে সড়ক পরিবহনকে নিরাপদ করার দায়িত্ব যাদের, সেই প্রতিষ্ঠানের হাতেই সড়ক হয়ে উঠছে অনিরাপদ। বিআরটিএকেই এর দায় নিতে হবে এবং এই প্রতিষ্ঠানে একটি শুদ্ধি অভিযান পরিচালনা জরুরি হয়ে পড়েছে।
সরকার ২৮ ফেব্রুয়ারির মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান ও বাস-মিনিবাসের অবৈধ অংশ নিজ খরচে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছে। কিন্তু বুধবারের প্রথম আলোর সংবাদ থেকে দেখা যাচ্ছে, অগ্রগতি অতি সামান্য। পরিবহন মালিক-শ্রমিকেরা বাম্পার ছাড়া অন্য কিছু ঠিকঠাক করার প্রশ্নকে কেবলই পিছিয়ে দেওয়ার চেষ্টায় রত। আমরা বাস্তবানুগ পদ্ধতি ও সময়সীমা দেখতে চাই। আর একবার সিদ্ধান্ত হয়ে গেলে তা বাস্তবায়নে কঠোরতা না দেখালে কোনো কিছুরই অগ্রগতি হবে না।