বাস মালিক সমিতির চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেদী হাসান নামের এক ব্যক্তি ১১ লাখ টাকায় কিনেছিলেন পুরোনো একটা বাস। বাসটি রাস্তায় নামানোর জন্য সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াও প্রয়োজন স্থানীয় বাস মালিক সমিতির সদস্যপদ, যা পেতে হলে দিতে হবে ১৮ লাখ টাকা! বাসের দামের চেয়ে সাত লাখ টাকা বেশি খরচ করে সমিতির সদস্যপদ নিয়ে পোষাবে না ভেবে তিনি বাসটি বিক্রি করে দেন।
সদস্যপদ দেওয়ার নামে বাস মালিক সমিতির এমন চাঁদাবাজির চর্চা চলছে রাজধানীসহ সারা দেশে। চাঁদার অঙ্ক ২ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। এই জবরদস্তিমূলক ও বেআইনি চর্চার ফলে নানা রকমের গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে।
প্রথমত, মালিক সমিতিগুলোর এই চাঁদাবাজির কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়ক-মহাসড়কগুলোয় চাহিদা অনুযায়ী নতুন বাস নামাতে পারছেন না মালিকেরা। কিন্তু তার বিপরীতে সড়ক-মহাসড়কগুলোয় নামছে বিপুলসংখ্যক তিন চাকার মোটরযান: অটোরিকশা, নছিমন-করিমন, ভটভটি, ইজিবাইক ইত্যাদি। সারা দেশে এগুলোর সংখ্যা এখন ১৩ লাখেরও বেশি! সড়ক-মহাসড়কে বাস-ট্রাক দুর্ঘটনার ক্রমবর্ধমান প্রবণতার পেছনে এটাও একটা বড় কারণ।
নতুন বাস নামাতে মূল বাধা মালিক সমিতির চাঁদাবাজিদ্বিতীয়ত, চাঁদাবাজির কারণে যেহেতু ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সংগতি রেখে নতুন বাস-মিনিবাস রাস্তায় নামানো যাচ্ছে না, সেহেতু পুরোনো বাস-মিনিবাসই চলছে বছরের পর বছর ধরে। এভাবে সারা দেশে চলাচলরত বাস-মিনিবাসের অন্তত ৩০ শতাংশই ২০ বছরের পুরোনো হয়ে গেছে, ১০ বছরের পুরোনো হয়েছে ৬১ শতাংশের ওপরে। আনফিট, লক্কড়-ঝক্কড় বাস-মিনিবাসের এই সংখ্যাধিক্যও সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ।
সুতরাং মালিক সমিতিগুলোর ‘চাঁদাবাজি’র ফলে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করতে হলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যেহেতু এসব সমিতি মন্ত্রী, সাংসদসহ ক্ষমতাসীন দল ও অঙ্গসংগঠনগুলোর দ্বারা নিয়ন্ত্রিত, তাই তাদের চাঁদাবাজি বন্ধ করতে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। সড়ক-মহাসড়কে তিন চাকার মোটরযান নিষিদ্ধ করা ও লক্কড়-ঝক্কড় বাস-মিনিবাস চলাচল বন্ধ করার আগে নতুন বাস-মিনিবাস রাস্তায় নামানোর পথ সুগম করতে হবে। সে জন্য মালিক সমিতির চাঁদাবাজি বন্ধ করা অত্যন্ত জরুরি।