বাস-মিনিবাসের বর্ধিত ভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী সিএনজিচালিত বাস ও মিনিবাসের বর্ধিত নতুন ভাড়া গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হলেও অধিকাংশ বাসে নতুন তালিকা না থাকায় যাত্রীরা সমস্যায় পড়েছেন। সিএনজির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর সরকার প্রত্যেক যাত্রীর জন্য কিলোমিটারপ্রতি ভাড়া ১০ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। সর্বনিম্ন ভাড়া বড় বাসে সাত টাকা ও মিনিবাসে পাঁচ টাকা অপরিবর্তিত থাকবে। মালিক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা মহানগর পর্যন্ত সিএনজিচালিত যেসব বাস-মিনিবাস চলাচল করে, সেগুলোর জন্যও নতুন এই ভাড়া প্রযোজ্য হবে। তবে দূরপাল্লার পথের বাসের জন্য নতুন ভাড়া প্রযোজ্য নয়।
এ ব্যাপারে বাসমালিক-শ্রমিকেরা তালিকা এসে পৌঁছায়নি বলে যে অজুহাত দেখিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। সড়ক পরিবহন বিভাগ বলেছে, সমিতিগুলোর কাছে আগেই ভাড়ার তালিকা পাঠানো হয়েছে। তালিকা ছাড়া কোন স্টপেজ থেকে কোন স্টপেজের ভাড়া কত বাড়ল, সেটা নির্ধারণ করা সম্ভব নয়। ফলে কোনো কোনো রুটের পরিবহনকর্মীরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ আছে।
সড়ক পরিবহন বিভাগ নতুন ভাড়ার তালিকা মালিক সমিতিগুলোতে পাঠালেও কেন সেগুলো টাঙানো হচ্ছে না, তা রহস্যজনক। তাহলে কি আমরা ধরে নেব যে, পরিবহনের মালিকেরা নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার জন্যই এই অপকৌশলের আশ্রয় নিয়েছেন? পরিবহন খাতে এই নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতা চলতে দেওয়া যায় না।
ঈদুল আজহার ছুটির পর গত সপ্তাহে ঢাকা মহানগরে পরিবহন চলাচল কম ছিল। নতুন সপ্তাহে ঢাকা ফের পুরোনো রূপে ফিরে আসবে। যান ও যাত্রী চলাচল বাড়বে। সে ক্ষেত্রে ভাড়ার তালিকা টাঙানো না হলে আরও বেশি অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। অতএব, অবিলম্বে সব বাস–মিনি বাসে ভাড়ার তালিকা টাঙানো হোক। তালিকার বাইরে ভাড়া নেওয়া যাবে না।

আরও পড়ুন: