বাসচালক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার রাতে সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের পিটুনিতে শিবু চন্দ্র দে নামের এক বাসচালকের মৃত্যুর ঘটনা খুবই উদ্বেগজনক। ঢাকা-সিলেটগামী একটি বাস সায়েদাবাদ টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে না ছাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে বিরোধ বাঁধে। একপর্যায়ে কয়েকজন যাত্রী বাসচালকের ওপর চড়াও হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। এর সঙ্গে জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাসচালক হত্যার প্রতিবাদে পরিবহনকর্মীরা গতকাল আধা বেলা ঢাকা-সিলেট মহাসড়কে ধর্মঘটও পালন করেছেন।
বাস ছাড়তে দেরি হওয়ায় চালককে পিটিয়ে হত্যাবেশ কিছুদিন ধরে পরিবহন খাতে নৈরাজ্য চলছে। এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আইন মানার চেয়ে আইন ভাঙতেই বেশি উৎসাহী বলে ধারণা করা যাচ্ছে। আইন প্রয়োগ করা যাঁদের দায়িত্ব, তাঁরা কখনো নির্বিকার থাকেন, কখনো বাড়াবাড়ি করেন। ফলে রাস্তায় ফিটনেসহীন যানবাহন যেমন অবাধে চলাচল করতে দেখা যায়, তেমনি নতুন বাস কিনেও মালিকেরা সড়কে নামাতে পারেন না সমিতির চাঁদাবাজির কারণে। মাঝেমধ্যে এসব বন্ধে যে অভিযান চালানো হয়, তা নিছক লোক দেখানো। সড়কে শৃঙ্খলা আনার নামে মোটরসাইকেল আরোহীর জামার বোতাম লাগানো মন্ত্রীর দায়িত্ব হতে পারে না।
যাত্রী ও বাসচালক বা পরিবহনকর্মীদের মধ্যে বিরোধ থাকা অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে পরিবহনকর্মীদের হাতে যাত্রী লাঞ্ছিত হওয়া কিংবা যাত্রীদের হাতে চালকের মৃত্যু কোনোভাবেই মানা যায় না। যে বাসচালক যে যাত্রীদের সেবায় নিয়োজিত, সেই যাত্রীদের হাতেই তাঁকে প্রাণ দিতে হলো! এই নৈরাজ্যের শেষ কোথায়?
অপরাধের বিচার হয় না বলেই মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। আমরা চাই, শিবু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক। পরিবহনকর্মীদের কর্তব্যে অবহেলার বিরুদ্ধে যদি নাগরিক সমাজ মাঠে নামতে পারে, তাহলে বাসচালক বা পরিবহনকর্মীদের নিরাপত্তার ব্যাপারে কেন তারা সোচ্চার হবে না?