বাসাবাড়িতে গ্যাস-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়ির গ্যাস-সংকট ও সংযোগ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অবস্থানকে যথাযথ বিবেচনা করা যাচ্ছে না। আবাসিকে নতুন গ্যাস-সংযোগ দেওয়া সরকার বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, যাদের সংযোগ রয়েছে, তারাও গ্যাস-সংকটের মধ্যে রয়েছে। সরকারের অবস্থান হচ্ছে, আবাসিকে গ্যাস-সংকটের দিকে আর মনোযোগ না দেওয়া এবং গ্রাহকদের এলপি গ্যাস ব্যবহারের দিকে ঝুঁকতে বাধ্য করা। এটা কোনো সরকারের নীতি বা কৌশল হতে পারে না।
বর্তমানে আবাসিকে নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে, কিন্তু সরকার যদি এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তা বরং জনগণকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া দরকার। এতে সরকারের নীতির বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হবে। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার অর্থ হচ্ছে, অবৈধভাবে নতুন সংযোগ নেওয়ার সুযোগ রেখে দেওয়া এবং যা অনিয়ম ও দুর্নীতির পথ তৈরি করবে।
আবাসিকে বর্তমান গ্যাস-সংযোগে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হলে এবং সংকট কাটাতে হলে গ্যাসলাইন সংস্কারসহ নানা উদ্যোগ অব্যাহত রাখতে হবে। মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে যে সরকার এ ক্ষেত্রে আর মনোযোগ দিতে আগ্রহী নয়। আমাদের বক্তব্য হচ্ছে, সরকার যদি এ ক্ষেত্রে স্পষ্ট কোনো অবস্থান নেয়, তবে তা জনগণকে জানাতে হবে এবং সময়সীমা নির্ধারণ করে জানিয়ে দিতে হবে যে এরপর পাইপলাইনে আর গ্যাস সরবরাহ করা হবে না।
আবাসিকে এলপি গ্যাসেই সমাধান?সবচেয়ে বড় কথা, বাসাবাড়িতে পাইপলাইনে গ্যাসের পরিবর্তে এলপি গ্যাস ব্যবহারের দিকে যেতে হলে এই রূপান্তরের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে। চাহিদা অনুযায়ী এলপি গ্যাস নিশ্চিত ও কার্যকর সরবরাহব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিতে হবে। অথচ দেখা যাচ্ছে, সরকার এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর কথা বললেও চাহিদা অনুযায়ী সরবরাহ নেই এবং দামও স্থিতিশীল নয়। একই সঙ্গে জনগণকে এলপি গ্যাসে উৎসাহিত করতে হলে পাইপলাইনের গ্যাসের দামের সঙ্গে এর সমন্বয় সাধনের কাজটিও পর্যায়ক্রমে শুরুর উদ্যোগ নিতে হবে। আমরা সরকারের কাছ থেকে এ ব্যাপারে পরিষ্কার অবস্থান ও কার্যকর নীতি দেখতে চাই।