বাসে উঠলেই ১০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে যাত্রীদের কাছে মূর্তিমান হয়রানি হলো ‘সিটিং সার্ভিস’ নামধারী বাস। এখানে যাঁরা গণপরিবহনে যাতায়াত করেন, তাঁরা জানেন কী ভীষণ দুর্গতি তাদের পোহাতে হয়। নাম ‘সিটিং সার্ভিস’ হলেও এসব বাসে ওঠার পর বসার জন্য আসন পাওয়া যাবে কি না, তার কোনো নিশ্চয়তা থাকে না। কিন্তু এই বাসে উঠলেই ভাড়া দিতে হয় নিম্নতম ১০ টাকা। আধা কিলোমিটারেরও কম পথ গেলেও ১০ টাকা দিতে হয়। কিন্তু যে সুবিধা দেওয়ার বিনিময়ে এই ভাড়া নেওয়া হয়, তা যাত্রীদের দেওয়া হয় না।

লোকাল বাসের মতোই এসব বাসে যাত্রী ওঠানো–নামানো হয়। বেশির ভাগ সময়ই প্রচণ্ড ভিড় থাকে। অথচ সাধারণ বাসে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য যে ভাড়া নেওয়া হয়, সেই একই দূরত্ব অতিক্রম করতে তথাকথিত সিটিং সার্ভিসে ভাড়া নেওয়া হয় প্রায় দ্বিগুণ। যাঁরা দাঁড়িয়ে যান তাঁদের কাছ থেকে ‘সিটিং ভাড়া’ আদায় করা হয়। অধিকাংশ বাসের অধিকাংশ ফ্যানই থাকে নষ্ট। গরমে যাত্রীদের সিদ্ধ হতে হয়। ঢাকা শহরের এই নিত্যদিনকার নৈরাজ্যের কথা নজরদারি কর্তৃপক্ষের অজানা নয়। কিন্তু তার পরও কোনো অদৃশ্য কারণে এসব চলছে বছরের পর বছর।

গতকাল প্রথম আলোর এক প্রতিবেদনে এ বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনের ভাষ্যমতে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত দূরত্ব ১২ কিলোমিটার। সড়কটিতে চলছে ভাড়া নৈরাজ্য। এতে নিয়মিত যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। এমন অবস্থা শহরজুড়েই।

দেখা গেছে গেটলক সিটিং সার্ভিস বাসগুলোর নির্দিষ্ট দূরত্ব পরপর রয়েছেন পরিদর্শক বা ‘চেকার’। দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে কি না এবং মোট কতজন যাত্রী বাসে রয়েছেন, সেটি লিখে তিনি স্বাক্ষর করেন। পরিদর্শক ওঠার আগে নেমে গেলে স্বল্প দূরত্বের জন্য ন্যূনতম ভাড়া দেওয়া যায়। কিন্তু যে যাত্রী পরিদর্শক ওঠার পর কোথাও নামেন, তাঁকে পুরো পথের ভাড়াটাই দিতে হয়।

বাসমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ইতিপূর্বে বলেছিল, তারা এসব সমস্যার সমাধান করবে। তারা মনে করে, বাসমালিকেরা সিটিং বাস চালু করেন যাত্রীদের চাহিদার কথা ভেবেই। তবে বেশি ভাড়া নেওয়াটা যে অনিয়ম, তা–ও তারা স্বীকার করে। কিন্তু সমস্যার সমাধান হয় না।

ঢাকা মহানগর আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) কোন পথে কোন বাস চলবে, তার অনুমতি দেয়। ভাড়া নির্ধারণে তাদের ভূমিকা থাকে। মহানগর পুলিশ কমিশনারের নেতৃত্বাধীন এ কমিটি বাসে ভাড়ার তালিকা টাঙানোর বিষয়টিরও নজরদারি করে। আরটিসির পক্ষ থেকে বহুবার বলা হয়েছে, ‘সিটিং সার্ভিস’ বলে আলাদা কিছু নেই। যদি কোনো পরিবহন যাত্রীদের বিশেষ সেবা দিতে চায়, তারা সেটা পারবে। কিন্তু কেউ এর জন্য বেশি ভাড়া আদায় করতে পারে না। কিন্তু আরটিসির এ বক্তব্যের সঙ্গে বাস্তবতার দূরত্ব অনেক। কিন্তু অবস্থা এখন এতটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে যে সরকারের ঊর্ধ্বতন হস্তক্ষেপ ছাড়া এর সমাধান সম্ভব নয়।