বাস্তুচ্যুতি ঠেকানোর উপায় খুঁজুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি নেই বলে জমিতে চাষ নেই। চাষের অভাবে জীবিকা হারিয়ে গ্রাম ছেড়েছে রাজশাহীর তানোরের ১০০ পরিবার। তানোর উপজেলার শুধু একটি গ্রামেই প্রায় দেড় হাজার বিঘা জমি অনাবাদি পড়ে থাকছে। প্রাকৃতিক বিপর্যয়ের এই অভিঘাত সম্ভবত নতুন। এর সঙ্গে মোকাবিলা করার প্রস্তুতি ও উপায় সরকারের জানা আছে তো?
রাজশাহীসহ উত্তরবঙ্গের বড় অংশই বরেন্দ্রভূমি বলে পরিচিত। পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ নির্মাণের পর এই এলাকা শুষ্কায়নের মুখে পড়ে। পানির স্তর এতই নেমে গেছে যে অনেক জায়গায় গভীর নলকূপেও আর চলছে না। তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবপুর নামে যে গ্রামটির ১০০ পরিবার ঘরছাড়া হয়েছে, তাদের জন্য বৃষ্টি বা সেচের পানির কোনোটাই ছিল না। বিগত বছরগুলোতে বারবার ধানের আবাদ মার খাওয়ায় বিস্তীর্ণ জমি পতিতই পড়ে থাকছে। উষ্ণায়ন অথবা শুষ্কায়নের প্রথম আঘাত পড়েছে এসব জমির বর্গাচাষি ও দিনমজুর খাটা লোকজনের ওপর। বিকল্প জীবিকা না পেয়ে তাঁরা এলাকা ছাড়ছেন। যে বাংলাদেশ সুজলা ছিল, যার মাটি সুফলা ছিল—এই চিত্র কি সেই বাংলাদেশে একেবারেই অপরিচিত? সম্ভবত তা নয়। নদনদী ও খালবিল শুকিয়ে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলের বড় অংশই গভীর নলকূপের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু মাটির তলাও যে পানিশূন্য হওয়ার মুখে!
প্রথম আলোর খবরই প্রমাণ করে, সরকারি সহায়তা অপ্রতুল হওয়াতেই মানুষ ঘরছাড়া হচ্ছে। দক্ষিণাঞ্চলে আইলা ও সিডরের অভিঘাত ও লবণাক্ততার কারণে অজস্র মানুষ এলাকা ছাড়ে। এদের বলা হয় জলবায়ু শরণার্থী। বরেন্দ্র অঞ্চলের ভিটাছাড়া মানুষদেরও কি জলবায়ু শরণার্থী হিসেবে গণ্য করা যায়? জলবায়ু তহবিলের অর্থ দিয়ে এদের কি সাহায্য করা যায় না?
উত্তরাঞ্চলের নদনদীগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং পদ্মার প্রাপ্য পানি আদায়ে জোরালো উদ্যোগ নিতে হবে। নইলে তানোরের ১০০ পরিবারের ভাগ্যই বরণ করে নিতে হবে আরও হাজারো পরিবারকে।