দেশে বিদ্যুতের যে চাহিদা, সে তুলনায় উৎপাদনক্ষমতা যে কম, সেটা সবারই জানা। আর তাই নিয়মিত লোডশেডিংয়ের বিষয়টি দেশবাসী মেনে নিয়েছে। কিন্তু এর সঙ্গে এখন বাড়তি আপদ হিসেবে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ফলে বিদ্যুতের ঘাটতির সঙ্গে বিতরণব্যবস্থায় নানা ত্রুটির কারণেও এখন গ্রাহকদের বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে।বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে ও নিচ্ছে। এর পরও পিডিবির হিসাব অনুযায়ী, প্রতিদিন দিনের বেলা বিদ্যুৎ ঘাটতি প্রায় এক হাজার ৩০০ মেগাওয়াট ও রাতের বেলা ঘাটতি প্রায় ৫০০ মেগাওয়াট। লোডশেডিং করে এই ঘাটতি মোকাবিলা করা হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন বিদ্যুতের সঞ্চালন ও বিতরণব্যবস্থার সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণ বেড়ে চলেছে। এ কারণে নিয়মিত লোডশেডিংয়ের বাইরেও গ্রাহকদের বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের বাড়তি খরচ পুষিয়ে নেওয়ার জন্য সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর পরও যদি জাতীয় গ্রিড বা বিদ্যুৎ বিতরণব্যবস্থায় সমস্যার কারণে গ্রাহকেরা ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জাতীয় গ্রিডের নিরবচ্ছিন্ন পরিচালনার দায়িত্ব পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি)। এখানে কোনো ধরনের সমস্যার দায় এই প্রতিষ্ঠানকেই নিতে হবে। অন্যদিকে বিদ্যুৎ বিতরণের সঙ্গে জড়িত ডেসা ও ডেসকোর মতো প্রতিষ্ঠানগুলো এখন লাভজনক অবস্থায় রয়েছে। কিন্তু সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নতি এবং কোনো বিভ্রাট ঘটলে দ্রুত তা সারিয়ে তোলা ও গ্রাহকসেবার উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, ঢাকার বিভিন্ন এলাকায় এখন নিয়মিতই যেমন বিদ্যুৎ বিভ্রাট ঘটছে, তেমনি ত্রুটি সারানোর ক্ষেত্রেও দীর্ঘ সময় লাগছে।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ একটি সমন্বিত প্রক্রিয়া। বিদ্যুতের চাহিদা পূরণের জন্য যেমন বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, তেমনি এই বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌঁছানোর জন্য সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নতি ও সংস্কারের কোনো বিকল্প নেই।