বাড়তি উদ্যোগ ও নজরদারি জরুরি

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদুল আজহা এমন সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন বন্যার কারণে দেশের বিস্তীর্ণ এলাকার সড়ক-মহাসড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে সিলেট অঞ্চলের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে প্রচুর খানাখন্দ। উত্তরাঞ্চলের সড়কের অনেক স্থানে মেরামতের কাজ চলছে। ফলে যানজটের আশঙ্কা আছে। তবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা স্বস্তি আশা করতে পারেন বহুপ্রতীক্ষিত পদ্মা সেতু চালু হওয়ায়। প্রতিবছর ঈদের সময় মাওয়া–শিমুলিয়া ও পাটুরিয়া-গোয়ালন্দ ঘাটে ভয়াবহ যানজটের সৃষ্টি হতো।

বাংলাদেশ ফেরি যুগ থেকে এক্সপ্রেসওয়ে যুগে প্রবেশ করেছে, এটা সড়ক যোগাযোগব্যবস্থায় একটি বড় উত্তরণ। কিন্তু একই সঙ্গে সেতু ও এক্সপ্রেসওয়ে পরিচালনার জন্য যে ব্যবস্থাপনাগত দক্ষতা ও সক্ষমতার প্রয়োজন, সেটা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, সেই প্রশ্ন রয়েছে।

প্রথম আলোর সরেজমিন প্রতিবেদন থেকে জানা যায়, সেতুর টোল আদায় ও ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রে যানবাহনের চাপ এবং সড়কের ওপর হাটবাজারের কারণে যানজটের আশঙ্কা আছে ঢাকা-চট্টগ্রাম রুটে। তা ছাড়া বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। অন্যদিকে ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়বেন সড়কে মেরামতকাজ চলার কারণে। ঈদের আগে সিরাজগঞ্জে নলকা সেতু ও মহাস্থানগড় বাজারের উড়ালসেতু খুলে দেওয়ায় উত্তরাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে, যদি সড়কের অন্যান্য অংশে যানজট নিয়ন্ত্রণে রাখা যায়।

পদ্মা সেতু চালু হওয়া সত্ত্বেও দক্ষিণাঞ্চলে যানজটের আশঙ্কা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক হাদিউজ্জামান। তিনি বলেছেন, ঈদের সময় বাস-ট্রাকের পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় অনেকেই ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস নিয়ে বাড়ি যেতে চাইবেন। যানবাহনের চাপের কারণে তিনি টোল প্লাজাকেন্দ্রিক যানজটের আশঙ্কা করছেন। ফলে টোল প্লাজা ব্যবস্থাপনায় বাড়তি মনোযোগ দিতে হবে। তা ছাড়া ঈদের সময় দক্ষিণবঙ্গে যানবাহনের বাড়তি চাপ মোকাবিলায় সেতুর ওপর যানবাহনের চাপ বেশি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরি প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন এই প্রকোশলী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করে দেখতে পারে।

উদ্বেগের বিষয় হলো, সড়ক অবকাঠামোকে একটা পর্যায় পর্যন্ত উন্নত করা গেলেও সড়ক এবং সেতু পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। যানবাহনকে যথাযথ নিয়ম মেনে চলতে বাধ্য করার মতো দক্ষ হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা দেশে গড়ে ওঠেনি। অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়েই আমাদের মহাসড়কগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা চলে। আর উৎসব–পার্বণে যানবাহনের সংখ্যা বেড়ে গেলে অনেক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যান চলাচলবিধির কঠোর বাস্তবায়নের মাধ্যমেই এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

এ অবস্থায় লাখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে বাড়তি উদ্যোগ ও মনোযোগ প্রয়োজন। গত ঈদের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। দুর্ঘটনা ও সেতুর টোল প্লাজায় জট এড়াতে এবার ঈদযাত্রায় সরকার মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। এটা কঠোরভাবে কার্যকর করা গেলে ফল পাওয়া যেতে পারে। তা ছাড়া ছোটখাটো সমস্যাগুলো যেমন মহাসড়কগুলোর যেসব স্থানে খানাখন্দ হয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে অস্থায়ী ভিত্তিতে হলেও মেরামতের উদ্যোগ নেওয়া যায়। যেসব সড়কে সংস্কারকাজ চলছে, সেখানকার বিকল্প সড়কগুলোর ব্যবস্থাপনায় বিশেষ নজর থাকতে হবে। সবচেয়ে বড় কথা, কোনো অবস্থাতেই যাতে কেউ আইন ভাঙতে না পারে, তা নিশ্চিত করতে হবে।