অপরাধের সঙ্গে জড়িত কিশোরদের সংখ্যা পুলিশের হিসাবে বগুড়া জেলাজুড়ে দুই হাজার, শহরজুড়ে দুই শতাধিক এবং খাতাপত্রে পাঁচ শতাধিক। বেসরকারি একটি সংস্থা জানাচ্ছে, প্রকৃত সংখ্যা হবে পাঁচ হাজারেরও বেশি। এটি কেবল বগুড়া জেলার হিসাব, কিশোর অপরাধীদের আঞ্চলিক চালচিত্র। জাতীয়ভাবে সংখ্যাটা নিশ্চয়ই বেশ বড়। এদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ রয়েছে, তবে আদালতে তা এখনো প্রমাণিত হয়নি। সেই অর্থে এসব কিশোরকে আগেভাগেই অপরাধী বলাও সমীচীন নয়। কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আমাদের জাতীয় জীবনের জন্য বিষয়টি খুবই দুশ্চিন্তার।সম্প্রতি বগুড়া শহরে রাহাত ও অমিত নামের দুই কিশোর খুন হয়। দুজনেরই বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। খুন করে তাদেরই সমবয়সী বন্ধুরা। ঘটনার সঙ্গে মাদকের যোগাযোগের তথ্য দিয়েছে পুলিশ। বগুড়া অঞ্চলে এ রকম অজস্র অপরাধ ঘটার সঙ্গে কিশোর-তরুণদের জড়িত থাকার কথা বলেছে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশি ভাষ্যমতে গত পাঁচ মাসে এ রকম কিশোরদের হাতে বগুড়ায় ১০টি খুনের ঘটনা ঘটেছে। সারা দেশে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার জন্যও কিশোরদের দ্বারা অপরাধ সংঘটনের মাত্রা বৃদ্ধিকে দায়ী করা হয়। অপরাধীর সংখ্যার সঙ্গে অপরাধ ঘটার সংখ্যার যোগাযোগটি বহুমাত্রিক। পারিবারিক অশান্তি, মাদকাসক্তি, প্রেমঘটিত রেষারেষি, রাজনীতির খপ্পর, অর্থের লোভ, স্নেহের অভাব, দারিদ্র্য ইত্যাদি কারণে কিশোরেরা অপরাধপ্রবণ হয়ে পড়ে। কারণ যা-ই হোক, এর সঙ্গে সমাজ, রাষ্ট্র ও পরিবারের অবক্ষয়ের সম্পর্ককে একেবারে উপেক্ষা করা যায় না।অনেক সময় সমাজ, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো অনুপ্রেরণা ও উদ্দীপনা তারা পায় না। সংকটটি মূলত সামাজিক ও সাংস্কৃতিক। এর কোনো সোজাসুজি বিহিত নেই। আশু করণীয় হিসেবে মাদকের বিস্তার রোধ করা এবং পুলিশের তৎপরতার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে সংশোধন ও দীক্ষিতকরণের মধ্যে আনা দরকার। কিন্তু এদের ভবিষ্যৎ বাঁচাতে হলে হাত দিতে হবে গোড়ায়। শিক্ষা ও সমাজব্যবস্থাকে এমন জায়গায় নিতে হবে, যেখানে কিশোরদের সামনে আদর্শ থাকবে, প্রেরণা থাকবে, থাকবে তারুণ্যকে বিকশিত করার অঢেল সুযোগ। সমস্যাটি তাই ফৌজদারি নয়, সামাজিক।